নিজ ভাষায় ক্ষুদ্র জাতিসত্তার শিশুদের পাঠদান নিশ্চিত করার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় রাঙামাটি শহরের কলেজ গেট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। দেড় ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের রাঙামাটি জেলা শাখার সভাপতি পলাশ চাকমা, জনসংহতি সমিতির ছাত্র ও যুববিষয়ক সম্পাদক ত্রিজিনাদ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক রিন্টু চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক দীপা চাকমা প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের মাতৃভাষায় শিক্ষাদানের জন্য প্রতিটি বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানান বক্তারা। একই সঙ্গে পাঠ্যপুস্তকে ক্ষৃদ্র-নৃগোষ্ঠীর পরিবর্তে আদিবাসী শব্দ ব্যবহার করাসহ সব ক্ষুদ্র জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি তোলেন।