ক্ষুদ্র জাতিসত্তার সদস্যদের সঙ্গে দিন কাটল সুইস রাষ্ট্রদূতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান মার্টিন ফচ গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা জগন্নাথপুর গ্রাম পরিদর্শন করেন। তিনি সেখানে বাড়ি বাড়ি ঘুরে ক্ষুদ্র জাতিসত্তার সদস্যদের খোঁজখবর নেন।
পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের ক্ষুদ্র জাতিসত্তার মানুষের জীবনমান উন্নয়নে প্রমোশন অব রাইটস ফর এথনিক মাইনরিটি অ্যান্ড দলিত ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম (প্রেমদীপ) নামে একটি প্রকল্প পরিচালনা করছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। ওই প্রকল্পে অংশগ্রহণকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী-অধ্যুষিত জগন্নাথপুর গ্রাম পরিদর্শনে গত সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে আসেন ক্রিস্টিয়ান মার্টিন ফচ। গতকাল সকাল নয়টায় তিনি ওই গ্রাম পরিদর্শনে যান। এ সময় ক্ষুদ্র জাতিসত্তার নারী-পুরুষেরা বাদ্যের তালে তালে নেচে-গেয়ে তাঁকে স্বাগত জানান।
পরে সেখানে ক্ষুদ্র জাতিসত্তার সদস্যদের সঙ্গে উঠোন বৈঠক করেন মার্টিন ফচ। ঘণ্টাব্যাপী বৈঠকে পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর নির্বাহী পরিচালক মুহম্মদ শহীদ উজ জামান প্রমুখ উপস্থিত ছিলেন। উঠোন বৈঠক শেষে রাষ্ট্রদূত দখলের পর উদ্ধার করা ক্ষুদ্র জাতিসত্তার একটি জমি ঘুরে দেখেন। সন্ধ্যায় ইএসডিও গোবিন্দনগরের প্রধান কার্যালয়ে স্থানীয় নানা পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।