ক্ষুদ্র জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি দিতে চায় সরকার
সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ সংসদীয় কমিটির কো-চেয়ারম্যান ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, দেশের মূল রাজনৈতিক শক্তি ও রাজনীতিবিদেরা আদিবাসীদের সঙ্গে আছেন। বর্তমান সরকার ক্ষুদ্র জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি দিতে চায়।গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি’ শীর্ষক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন। বাংলাদেশ আদিবাসী ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আদিবাসীর অধিকার ও অসাম্প্রদায়িকতা একই সূত্রে গাঁথা। প্রয়াত সাংসদ মানবেন্দ্র নারায়ণ (এম এন) লারমার অসমাপ্ত কাজ আদিবাসীদেরই সমাপ্ত করতে হবে। তিনি সাংবিধানিক স্বীকৃতির প্রশ্নে আদিবাসী নেতাদের সংবিধান সংশোধনবিষয়ক সংসদীয় কমিটির কাছে লিখিত প্রস্তাব দেওয়ার পরামর্শ দেন। সুরঞ্জিত বলেন, সংবিধান সংশোধনের একটি উদ্যোগ নিয়েছে সরকার। এতে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি অন্তর্ভুক্ত করার একটি বড় সুযোগ এসেছে। সাংসদ হাসানুল হক ইনু বলেন, আদিবাসীদের ভাষা, শিল্প, সংস্কৃতি, রীতিনীতি ছাড়াও তাদের জমি ও বনের অধিকার, স্থানীয় সরকারব্যবস্থায় অংশগ্রহণ—এসব বিষয় সংবিধানে যুক্ত করা প্রয়োজন। কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, এম এন লারমা ১৯৭২ সালে সরকারকে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে বলেছিলেন। কিন্তু তাঁর কথা শোনা হয়নি। এখন দ্বিতীয় বারের মতো এ বিষয়টি আলোচনার সামনে এসেছে। সবার উচিত সুযোগের সদ্ব্যবহার করা। জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা বলেন, সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি আদিবাসী মানুষের সংজ্ঞাও সংবিধানে থাকা প্রয়োজন। ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রংয়ের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন তথ্য কমিশনার সাদেকা হালিম, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন, বেসরকারি প্রতিষ্ঠান অ্যাকশনএইডের আবাসিক প্রতিনিধি ফারাহ কবীর প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত বিপুলসংখ্যক আদিবাসী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।