ক্ষুদ্র নৃ-গোষ্ঠী একাডেমির নির্মাণকাজের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমির নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে দিনাজপুর শহরের সুইহারী মির্জাপুর এলাকায় একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। 
পরে দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলার আদিবাসী নেতা-কর্মী, সাংস্কৃতিক সংগঠনের শিল্পী-কর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় মন্ত্রী বলেন, সমাজের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ করতে পৃথিবীব্যাপী গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান সরকার মনে করে, তাদের সংস্কৃতি মানবসভ্যতা ও জাতির জন্য একটি অমূল্য সম্পদ। দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর সংস্কৃতি এবং ঐতিহ্য হারিয়ে গেলে পুরো বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্য হারিয়ে যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান সরকারকে ‘সংস্কৃতিবান্ধব’ উল্লেখ করে আসাদুজ্জামান নূর বলেন, সরকার চায় না, সমাজের কোনো একটি গোষ্ঠী পিছিয়ে বা অবহেলিত থাকুক। সরকার চায়, দেশের প্রতিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নিজেদের ইতিহাস ও ঐতিহ্যের চর্চা ও লালন করবে। শিক্ষা সামাজিক কাজে সমাজের মূল স্রোতোধারায় মিশে যাবে।
দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিম বলেন, সাঁওতাল, ওঁরাও, মুন্ডা, রাজবংশীসহ সমতলের আদিবাসীদের একটি বৃহৎ অংশ দিনাজপুরে বাস করে। তাদের সংস্কৃতি রক্ষার চর্চা ও বিকাশের লক্ষ্যে দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে জেলার আদিবাসী সমাজের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হতে যাচ্ছে।
অনুষ্ঠানে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি অধ্যাপক গণেশ সরেন, সাধারণ সম্পাদক রুবেন মুর্মু, নাট্যব্যক্তিত্ব শাহজাহান শাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আসফ-উদ দৌলা শুভেচ্ছা বক্তব্য দেন। মতবিনিময় সভা শেষে দিনাজপুরের বিভিন্ন আদিবাসী সম্প্রদায় তাদের ঐতিহ্যমণ্ডিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।