ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের ওপর সহিংসতার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের ওপর নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়।

গত ১০ দিনে ঘটে যাওয়া পাঁচটি বর্বরোচিত ঘটনার তথ্য তুলে ধরে এসব ঘটনার বিচার দাবি করেছেন সংগঠনটির নেতারা।

ফোরামের সমন্বয়ক শিপন রবি দাস বিভিন্ন ঘটনার কথা তুলে ধরে বলেন, ২৫ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত মাত্র ১০ দিনে দেশের ভেতরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের ওপর পাঁচটি সহিংস ঘটনা ঘটে। এর মধ্যে দুটি ঘটনায় ধর্ষণের পরে হত্যা এবং অন্য তিনটি ঘটনায় তাঁদের নৃশংসভাবে খুন করা হয়।

আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি হরেন সিং ধর্ষণকারী ব্যক্তি ও হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, অতীতের সব হত্যা ও ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্ত করে বিচার এবং ভূমি দখল, হত্যা, ধর্ষণ ও উচ্ছেদ বন্ধ করার দাবি জানান।
মানববন্ধনে আরও বক্তব্য দেন জন-উদ্যোগের সদস্যসচিব তারিক হোসেন, আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি সুব্রত রবি দাস প্রমুখ।