ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে মধুপুর থেকে উচ্ছেদ না করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার উন্নয়নের নামে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীগুলোকে উচ্ছেদ করার প্রকল্প করছে। তাদের উচ্ছেদ করা বা করার চেষ্টা করা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। উচ্ছেদ আতঙ্ক ও উন্নয়ন আতঙ্ক চলছে সারা দেশে। অবিলম্বে টাঙ্গাইলের মধুপুরে সংরক্ষিত বনের নামে প্রকল্প বাতিল করে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীগুলোর জমি ফিরিয়ে দিতে হবে।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইলের মধুপুরে সংরক্ষিত বনাঞ্চলের নামে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীগুলোর জমি অধিগ্রহণবিষয়ক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে বক্তারা এ দাবি জানান।
হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম ও নাগরিক প্রতিনিধিদল এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। পরিবেশ ও বন মন্ত্রণালয় গত ১৫ ফেব্রুয়ারি টাঙ্গাইলের মধুপুর এলাকায় প্রায় ৯ হাজার ১৪৫ একর জমিকে ‘সংরক্ষিত বনভূমি’ ঘোষণা করে। কিন্তু সেখানে ১৩টি গ্রামে কয়েক শ বছর ধরে গারো, বর্মণ, কোচসহ ১৫ হাজারের বেশি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বাস করে।
সংবাদ সম্মেলনে লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘সরকার উন্নয়নের নামে যেসব প্রকল্প নিচ্ছে, তা ঠিক আছে। কিন্তু মানুষের অধিকারও সুরক্ষা করতে হবে। মধুপুরে সংরক্ষিত বনের নামে যে প্রকল্প নেওয়া হয়েছে, সেটা সম্পূর্ণ অসাংবিধানিক। এ প্রকল্প পরিবেশবিধ্বংসী ও মানবাধিকার পরিপন্থী। আমাদের দাবি, সরকার সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করবে, যাতে ওই এলাকার আদিবাসীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।’
ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘যে জমি আমরা পাকিস্তানের কাছ থেকে রক্ত দিয়ে মানুষের জন্য ছিনিয়ে এনেছি, প্রশাসনের অভ্যন্তরে লুকিয়ে থাকা ব্যক্তিরা সে জমি থেকে আদিবাসীদের উচ্ছেদ করছে। এভাবে তারা দেশে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করছে।’ প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা এসব ব্যক্তিকে তিনি ‘একধরনের জঙ্গি’ বলে উল্লেখ করেন।
বন উজাড় ও দুর্নীতি করাই এই প্রকল্পের উদ্দেশ্য বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। তিনি বলেন, ‘রাষ্ট্র এখন মানুষের হাতে নেই, নাগরিকের হাতে নেই। রাষ্ট্র এখন চলে গেছে বন মন্ত্রণালয়ের কিছু মানুষ ও প্রশাসনের হাতে।’
সংবাদ সম্মেলনে অবিলম্বে বন আইনের ২০ ধারা বাতিল করে টাঙ্গাইলে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীগুলোর ভূমিতে ‘সংরক্ষিত বন’ প্রকল্প বাতিল এবং তাদের নামে সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম আহ্বায়ক শিপন কুমার রবিদাস ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীগুলোর নেতা দীপায়ন খীসা প্রমুখ বক্তব্য দেন।