বাংলাদেশে সমতলে, উপকূলে এবং পাহাড়ি অঞ্চলে কমপক্ষে ৭৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩০ লাখ মানুষ বাস করে। তাদের রয়েছে স্বতন্ত্র মাতৃভাষা। বাংলাদেশে বাংলা ছাড়াও কমপক্ষে ৪৫টি ভাষা আছে। কিন্তু শিক্ষার প্রাথমিক স্তরে মাতৃভাষাভিত্তিক বহু ভাষায় শিক্ষার প্রচলন আশানুরূপ না হওয়ায় অধিকাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু তাদের নিজ নিজ ভাষায় শিক্ষা লাভ করতে পারছে না।
গতকাল সোমবার নগরের নয়াসড়ক এলাকার হোটেল সিলভার প্যালেসের সেমিনার কক্ষে আয়োজিত ‘আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষা বিস্তার কার্যক্রম: আমাদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় আয়োজকেরা এসব তথ্য উপস্থাপন করেছেন।
গবেষণা ও উন্নয়ন কালেকটিভ ও গণসাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী-বিষয়ক জাতীয় কোয়ালিশনের মহাসচিব অধ্যাপক মেসবাহ কামাল সভায় সভাপতিত্ব করেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি এ কে শেরাম। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন সিলেটের জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুলসী কুমার দাশ এবং সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির। পুরো সভাটি সঞ্চালন করেন গবেষণা ও উন্নয়ন কালেক্টিভের সাধারণ সম্পাদক জান্নাত-এ-ফেরদৌসী।
বক্তারা বলেন, মাতৃভাষায় তাঁদের শিক্ষার বিষয়টি মৌলিক মানবাধিকার ও অস্তিত্ব রক্ষার প্রশ্নের সঙ্গে জড়িত। জাতীয় শিক্ষানীতিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার অধিকার স্বীকৃত হয়েছে। লক্ষ করা যাচ্ছে মাতৃভাষায় শিক্ষাবিস্তার কার্যক্রম এখনো শুরু করা যায়নি।