ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে 'আদিবাসী' হিসেবে স্বীকৃতির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর ওপর নির্যাতন চালানো হচ্ছে। রাষ্ট্র, প্রশাসন, ক্ষমতাসীন ব্যক্তি ও দল যে যেভাবে পারছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর ওপর শোষণ চালাচ্ছে। সব ক্ষুদ্র নৃগোষ্ঠীকে অবিলম্বে ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল সোমবার বিকেলে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ‘সহস্র মোমবাতি প্রজ্বালন কর্মসূচি’র আগে এক সমাবেশে বক্তারা এ কথা বলেন।
গারো স্টুডেন্টস ইউনিয়ন (গাসু) ও খাসি স্টুডেন্টস ইউনিয়ন শহীদ মিনারের বেদিতে এই সহস্র মোমবাতি কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ডেনী দ্রং। তিনি বলেন, ‘অপশক্তি আমাদের বারবার দাবিয়ে রাখার চেষ্টা করছে। উন্নয়ন হলে আমরা ভয় পাই। উন্নয়নের নামে আমাদের উচ্ছেদ করা হয়।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল বলেন, ‘বাংলাদেশে আদিবাসীদের অধিকার কেউ দাবিয়ে রাখতে পারবে না। আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা হবেই।’
জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা বলেন, ‘আমাদের ভূমির অধিকার নেই। আমাদের রাজনৈতিক, ভূমি ও আত্মপরিচয়ের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে।’
সমাবেশে পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন, টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভূমিতে প্রস্তাবিত সংরক্ষিত বনায়ন বাতিলের দাবিসহ নয় দফা দাবি জানানো হয়। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস বক্তব্য দেন।
সমাবেশ শেষে সন্ধ্যায় সারা দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর ওপর শোষণের প্রতিবাদ জানিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে সহস্র মোমবাতি প্রজ্বালন করা হয়।
১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ৯ আগস্টকে বিশ্ব আদিবাসী জনগোষ্ঠীর আন্তর্জাতিক দিবস ঘোষণা করা হয়।