ক্ষুদ্র বিনিয়োগকারীরা সুদ মওকুফের সুযোগ পাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংয়ের নেতারা অভিযোগ করেছেন, চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখনো সুদ মওকুফের সুযোগ পাচ্ছেন না। গতকাল শনিবার এক বিবৃতিতে তাঁরা এ অভিযোগ করেন। বিবৃতিদাতারা হলেন ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদ, যুগ্ম আহ্বায়ক এম এ কাদের, খোরশেদ আলম ও সদস্যসচিব রানা বিশ্বাস। বিবৃতিতে ইনভেস্টরস ফোরামের নেতারা অভিযোগ করেন, সরকারি মালিকানাধীন আইসিবি, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো ইতিমধ্যে সুদ মওকুফের সুযোগ পেলেও বেসরকারি মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো এখনো তা বাস্তবায়নের কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না। হাউসগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সুদ মওকুফের ব্যাপারে সরকারি সুষ্ঠু কোনো নীতিমালা না থাকার দোহাই দিচ্ছেন। অথচ বর্তমান সময় ১৭ লাখ বিনিয়োগকারী সুদ মওকুফের সুযোগ পেলে বিশাল ক্ষতির কিছুটা অন্তত পুষিয়ে নিতে পারতেন। এ ব্যাপারে কালক্ষেপণ তাঁদের সঙ্গে প্রতারণার শামিল। বিবৃতিদাতারা সিএসই (সিকিউরিটিজ অ্যান্ড একঞ্জেস কমিশন), ঢাকা ও চট্টগ্রাম স্টক একচেঞ্জ, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের নির্দেশনা পর্যবেক্ষণসহ সার্বিক সহযোগিতা কামনা করেছেন।