ক্ষুদ্র ব্যবসায়ীদের হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবে হরতাল চলতে থাকলে রক্ত বিক্রি করে ঋণের কিস্তি দিতে হবে সৈয়দ আশফাকুল হাদি ,রাজশাহী নগরের মুড়িপট্টির দোকানি
এভাবে হরতাল চলতে থাকলে রক্ত বিক্রি করে ঋণের কিস্তি দিতে হবে সৈয়দ আশফাকুল হাদি ,রাজশাহী নগরের মুড়িপট্টির দোকানি

ঘন ঘন টানা হরতালে নাভিশ্বাস উঠেছে দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ীদের। আতঙ্কে দোকানপাট খুলতে পারছেন না। সাহস করে খুললেও ক্রেতা আসছে খুবই কম। দুধের মতো পচনশীল পণ্যের খামারিরা আতঙ্ক হয়ে পড়েছেন। ঋণের কিস্তি আটকে যাচ্ছে।

হরতালের এই ক্ষতির জের টানতে হতে পারে বছরভর। গত বুধবার শেষ হওয়া ৮৪ ঘণ্টার হরতালের প্রথম দুদিন সিলেট সদর উপজেলার শাহপরান বাজারে ককটেল ফাটিয়ে আর গাড়ি ভাঙচুর করে ত্রাস সৃষ্টি করেছিল পিকেটাররা। দেয়ালে পিঠ ঠেকা ব্যবসায়ীরা এরপর মাইকে ঘোষণা দেন, হরতালকারীরা ফের এলে তাঁরা একজোট হয়ে প্রতিরোধ করবেন। কিন্তু পরদিন দোকান খোলা রাখলেও ব্যবসা জমেনি।

বাজার কমিটির সদস্য মো. বাবুল মিয়া প্রথম আলোকে বলেন, এখানকার এক হাজার দোকানে দিনে গড়ে আড়াই থেকে তিন কোটি টাকার ব্যবসা হয়। হরতালের সময় এটা ১০ থেকে ১৫ শতাংশে নেমে আসে। তিনি বলেন, নির্বিঘ্নে ব্যবসা চালাতে না পারলে দলমত-নির্বিশেষে ব্যবসায়ীরা এবার আন্দোলনে নামবেন

শাহপরান বাজারের প্রিয়ম মেডিকেয়ারের মালিক পল্লি চিকিৎসক প্রদীপ চন্দ্র নাথ। প্রতি মাসে তিনি দোকানের ও বাসার ভাড়া দেন সাড়ে সাত হাজার টাকা। তিনি পূবালী ব্যাংক থেকে তিন লাখ এবং গ্রামীণ ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। এখন ১০ হাজার ৬২৮ টাকা মাসিক এবং এক হাজার ২৫০ টাকা সাপ্তাহিক কিস্তি টানতে হয়।

প্রদীপ বলেন, ‘ঘন ঘন হরতালের কারণে ঋণের কিস্তি, ছেলের পড়াশোনা, পরিবারের ভরণপোষণ—কোনোটাই ঠিকমতো সামলাতে পারছি না। কেমন যেন অসহায় বোধ করছি। কারও কাছেই কিছু বলতে পারছি না, আবার সহ্যও করতে পারছি না।’

উলুখাগড়ার প্রাণ যায়: কক্সবাজার শহরের কানাইয়ারবাজার, বাহারছড়া, বড়বাজার ও কালুরদোকান বাজারে তিন শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীকে পথে বসিয়ে দিচ্ছে হরতাল। দুই ছেলেমেয়েকে নিয়ে এক বেলা না খেয়ে থাকছেন শাহেনা আকতার (৩৭)। শহরের প্রধান সড়কে তাঁর ছোট্ট দোকান। দৈনিক প্রায় ৮০০ টাকার চা-পান-বিস্কুট বিক্রি করে লাভ হতো ১০০-১৪০ টাকা। হরতালে বিক্রি হচ্ছে ৩০০-৪০০ টাকা। লাভ থাকছে ৫০-৭০ টাকা।

১৯৯৭ সালে ঘূর্ণিঝড়ে সাগরে ট্রলার ডুবে স্বামী মো. মোস্তফা মারা যাওয়ার পর ছোট দুই ছেলেমেয়েকে মানুষ করছেন শাহেনা। তিনি বলেন, তাঁর মূলধন মাত্র এক হাজার টাকা। প্রতিদিনের আয় দিয়েই খাওয়া-পরা চলে। হরতালে বিক্রি কমে গেলে কাঁচা পান পচে যায়, লোকসান বাড়ে। অর্থাভাবে চার বছর আগে মেয়েকে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় স্কুল থেকে ছাড়িয়েছিলেন। তাঁর আশঙ্কা, এবার নবম শ্রেণীতে পড়ুয়া ছেলেকেও স্কুল ছাড়াতে হবে।

রাজশাহী নগরের মুড়িপট্টিতে ৩৯ জন ক্ষুদ্র ব্যবসায়ী বেকারি, ইন্টারনেট বা মুদির দোকান চালান। হরতালে তাঁরা দোকান খোলা রেখেছেন। কিন্তু ব্যবসা খুব কমই হয়েছে। এই বাজারের ২০ জন ব্যবসায়ী জানান, ব্যবসার আয় থেকে ঋণের কিস্তি দিতে হয়। আবার সংসারও চালাতে হয়। বাজারে ফটোকপি ও বই-খাতার দোকানি সৈয়দ আশফাকুল হাদিরকে মোটা টাকার কিস্তি টানতে হয় দৈনিক হারে। তিনি বলেন, এভাবে হরতাল চলতে থাকলে তাঁকে রক্ত বিক্রি করে ঋণের কিস্তি দিতে হবে।


মুড়িপট্টির রাইসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক ইতিমুল ইসলাম বলেন, হরতালে প্রায় প্রতিদিনই এই গলিতে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ জন্য খদ্দের কমে গেছে। হোটেল বন্ধ রেখে বেকারিটা শুধু চালাচ্ছেন। দিনে প্রায় চার হাজার টাকার বেচাকেনা হতো, হরতালে ২০০ টাকারও হয় না। প্রতিদিন তাঁকে ঋণের কিস্তি দিতে হয় ৩০০ টাকা। ঋণের পাস বই বের করে দেখিয়ে তিনি বলেন, হরতালের দিনগুলোতে একটি কিস্তিও দিতে পারেননি।

গত সোমবার বরিশাল নগরের নতুন বাজারের মুরগি বিক্রেতা সমীর দাস প্রথম আলোকে বলেন, ‘হরতালের কারণে গত সপ্তাহে চার দিন বেচাকেনা হয়নি। শুক্র-শনিবার ছাড়া এ সপ্তাহে আর আয়ের সুযোগ নেই। তাই ঝুঁকি আছে জেনেও দোকান খুলেছি। তবে বিক্রি স্বাভাবিক দিনের চেয়ে চার ভাগের একভাগে নেমে এসেছে।’


ব্যবসায় ধস:
গাইবান্ধা শহরের ঐতিহ্যবাহী পুরাতন বাজারে প্রায় ৭৫০টি দোকান রয়েছে। এ বাজারের ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য দিন এখানে প্রায় এক কোটি টাকার লেনদেন হয়। হরতালে এটা পাঁচ-ছয় লাখ টাকায় নেমে আসে। 

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ডেইলি বাজারে শ খানেক দোকানে দৈনিক ২৫ থেকে ৩০ লাখ টাকার লেনদেন হয়। হরতালের দিন এটা পাঁচ লাখ টাকায় নেমে আসে। ব্যবসায়ীরা আরও বলেন, বিএনপির কার্যালয়ের পাশে হওয়ায় হরতালের সময় প্রায় ৩০টি দোকান বন্ধ থাকছে। চাল ব্যবসায়ী ইয়াছিন আলী বলেন, এখন ঋণের সাপ্তাহিক কিস্তি দুই হাজার টাকা দিতে পারছেন না।

বরিশাল নগরের কাঁচামাল ব্যবসায়ীরা বলেন, তাঁরা ৬০ জন প্রতিদিন গড়ে ৬০-৭০ লাখ টাকার কাঁচামাল আমদানি করেন। হরতালে এটা ১৫-২০ লাখ টাকায় নেমে আসে। অনেকেই ঝুঁকি নিয়ে পণ্য আনেন না। আনলেও ট্রাকের ভাড়া দুই-তিন গুণ বেশি গুনতে হয়।


ক্ষতির মুখে দুগ্ধ খামারিরা:
মিল্ক ভিটার বাঘাবাড়ী দুগ্ধকারখানার আওতায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার সহস্রাধিক প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি রয়েছে। এসব সমিতির সদস্য লক্ষাধিক খামার-মালিক। সমিতির বাইরেও খামারিরা রয়েছেন। প্রতিদিন এখান থেকে প্রায় দুই লাখ লিটার দুধ সংগ্রহ করে মিল্ক ভিটা। এসব দুধের বেশির ভাগই ঢাকার প্রধান কারখানায় যায়। একটা অংশ দিয়ে বাঘাবাড়ী কারখানায় গুঁড়া দুধ তৈরি করা হয়। সদ্যসমাপ্ত হরতালে ঢাকায় তরল দুধ পাঠানো যায়নি। বাঘাবাড়ীতে মজুতের জায়গা না থাকায় দুই দিন সকালে দুধ সংগ্রহ করা হয়নি। রেশমবাড়ী সমবায় সমিতির সভাপতি আবদুস সামাদ জানান, মিল্ক ভিটা দুধ না নেওয়ায় খুচরা বাজারে ১৫ টাকা লিটার দরে বিক্রি করতে হয়েছে। অথচ দুধের উৎপাদন খরচই প্রায় ৪০ টাকা। মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মুনির হাসান চৌধুরী বলেন, হরতালের কারণে খামারিদের প্রতিদিন গড়ে সোয়া কোটি টাকার ক্ষতি হচ্ছে।


[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন আবদুল কুদ্দুস, কক্সবাজার; এনামুল হক, সিরাজগঞ্জ; আবুল কালাম মুহম্মদ আজাদ, রাজশাহী; সুমনকুমার দাশ, সিলেট; শাহাবুল শাহীন, গাইবান্ধা; সাইফুর রহমান, বরিশাল ও খায়রুল ইসলাম, আদমদীঘি (বগুড়া)]