ক্ষুদ্র ব্যবসায়ীরা এখনো আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিঝিলে সহিংসতার ঘটনায় আতঙ্ক কাটেনি ক্ষুদ্র ব্যবসায়ীদের। গতকাল ক্রেতাহীন এ ফুটপাতটির দোকানে ঘুমাতে দেখা যায় এই বিক্রেতাকে। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির পর গত শুক্রবার এখানকার আইডিয়াল স্কুলের সামনে  ও আশপাশে ব্যাপক তাণ্ডব চালান জামায়াত-শিবিরের কর্মীরা  প্রথম আলো
মতিঝিলে সহিংসতার ঘটনায় আতঙ্ক কাটেনি ক্ষুদ্র ব্যবসায়ীদের। গতকাল ক্রেতাহীন এ ফুটপাতটির দোকানে ঘুমাতে দেখা যায় এই বিক্রেতাকে। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির পর গত শুক্রবার এখানকার আইডিয়াল স্কুলের সামনে ও আশপাশে ব্যাপক তাণ্ডব চালান জামায়াত-শিবিরের কর্মীরা প্রথম আলো

বেচাকেনা নেই। চলছে না সংসার। ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকানে অলস সময় পার করছেন। মতিঝিল আইডিয়াল স্কুলের সামনের রাস্তা থেকে শুক্রবারের সহিংসতার আতঙ্ক এখনো যায়নি। মানুষের চলাচল কম। মানুষ কথা বলতে ভয় পান। যাঁরা দু-একজন কথা বলেছেন, তাঁরা নাম লুকাতে চেয়েছেন।
জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির পর গত শুক্রবার আইডিয়াল স্কুলের সামনে ও আশপাশে ব্যাপক তাণ্ডব চালান জামায়াত-শিবিরের কর্মীরা। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাঁরা পুড়িয়ে দেয় ১৭টি যানবাহন, রিকশাভ্যানের সঙ্গে থাকা সাতটি দোকান, সিটি করপোরেশনের একটি আঞ্চলিক কার্যালয়।
তাণ্ডব দেখে অচেতন হয়ে পড়েছিলেন পোশাক বিক্রেতা মরিয়ম বেগম। পাঁচ বছর তিনি ওই এলাকায় ব্যবসা করছেন। তিনি জানালেন, ‘পুলিশের গুলির আওয়াজ আর ককটেল ফাটানোর শব্দে বেহুঁশ হয়ে গেছিলাম। আমার পরিবার পরে আমাকে উদ্ধার করে।’ সাহস করে দোকান খুলেছেন। তবে বেচাকেনা নেই।
স্কুলের উল্টা পাশে ফুটপাতের ওপর সারি সারি পিঠার দোকান। মো. গোলাপ মিয়া ও তাঁর স্ত্রী হুসনে আরা পালা করে পিঠা বিক্রি করেন। দিনে তাঁর গড়ে আয় হতো ৫০০ টাকা। তবে গত চার দিনে পথচারী নেই, ব্যবসা নেই। সংসার চলছে না। গোলাপ বলেন, ‘তিন মেয়েকে নিয়ে ধার করে কত দিন চলতে পারমু কইতে পারি না।’
এজিবি কলোনি-সংলগ্ন সড়কে হলিডে মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যানে আনা শীতের পোশাক পুড়েছিল সেদিন। আগুনে পোড়ার চিহ্ন এখনো চোখে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অনেকে গ্রামে চলে গেছেন। মো. সাদেকুল আর রিপন মোল্লা পাশাপাশি চায়ের দোকানের মালিক। রিপন জানালেন, দোকানে ভাঙচুর হওয়ায় রংপুরে নিজের বাড়ি চলে গেছেন সাদেকুল। তিনি আরও বলেন, ‘পুলিশ তো মেলা জনের নাম লিখল। আমাগো দোকানের বেঞ্চ ও বয়াম ভাঙছে। হেইডার খেসারত কে দিব?’
পিঠা, চা, ফল, শীতের পোশাক ও সবজির দোকানিরা ইদানীং এখানে বেশি জড়ো হন শুক্রবারে। কারণ শুক্রবার স্কুল খোলা রাখছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের মা-বাবা ও অভিভাবকেরা ভিড় করেন বেশি। আর সেদিনেই এই তাণ্ডব। ঘটনা ভুলতে পারছেন না কেউই। নাম প্রকাশ না করার শর্তে এক সবজি বিক্রেতা জানান, অবরোধে ব্যবসা কম বলে শুক্রবারে নামাজে না গিয়ে দোকানে বসেছিলেন। তিনি বলেন, ‘স্কুল খোলা ছিল আর বেচাকেনাও ভালা চলাতাছে। এমন সময় তুফান বেগে আচমকা সব লন্ডভন্ড কইরা দিল আপা।’ কথা তাঁর থেমে যায়। তিনি কাঁদতে শুরু করেন।