ক্ষুদ্র মূলধনবঞ্চিত গ্রাম সংরক্ষণ দলের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাকালুকি হাওরে পরিবেশ রক্ষা ও বিপন্ন প্রতিবেশ ফিরিয়ে আনতে পরিবেশ অধিদপ্তরের উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের (সিডব্লিউবিএমপি) মেয়াদ এ মাসেই শেষ হচ্ছে। ওই প্রকল্পের আওতায় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং হাওরের সম্পদ রক্ষায় ২৮টি গ্রাম সংরক্ষণ দল (ভিসিজি) গঠন করা হয়। মেয়াদ শেষে প্রকল্পের অর্জিত সাফল্য ধরে রাখা ও এগিয়ে নেওয়ার জন্য প্রতিটি গ্রাম সংরক্ষণ দলকে এক লাখ টাকা করে ক্ষুদ্র মূলধন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।কিন্তু ২৮টি ভিসিজির মধ্যে ১০টি দলকে ১০ লাখ টাকা ক্ষুদ্র মূলধন দেওয়া হয়েছে। সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে ১৩ ডিসেম্বর এক সমাবেশে ১০টি দলকে এক লাখ করে টাকা দেওয়া হয়। এ ঘটনায় সুবিধাবঞ্চিত ১৮টি দল ক্ষোভ প্রকাশ করেছে।গ্রাম সংরক্ষণ দলের সদস্যদের অনেকে অভিযোগ করেছেন, ওই সমাবেশের আমন্ত্রণপত্রে কার্যক্রমের মধ্যে ছিল গ্রাম সংরক্ষণ দলগুলোকে ক্ষুদ্র মূলধন অনুদানের চেক প্রদান। অনুদানের টাকা নেওয়ার জন্য তাঁরা সমাবেশে যোগ দেন। কিন্তু গিয়ে দেখেন ভিন্ন চিত্র। সব কটি দলকে নয়, মাত্র ১০টি দলকে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হয়।কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের রাখাল শাহ ইসিএ ব্যবস্থাপনা বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাসুক মিয়া বলেন, ‘আমরাই হচ্ছি হাকালুকি হাওরের সবচেয়ে কাছের মানুষ। বলতে গেলে হাওরের পেটের ভেতর আমাদের বসবাস। সেখানে মনগড়াভাবে ১০টি দলকে টাকা দেওয়া হয়েছে। আমাদের দেওয়া হয়নি।’কুলাউড়া কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ইসিএর (প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা) ব্যবস্থাপনা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, ভিসিজি গঠনের পর ২৮টি দলকেই এক লাখ টাকা করে দেওয়া হয়েছে। এখন যা টাকা ছিল, তা থেকে ১০টি দলকে দেওয়া হয়েছে।সিডব্লিউবিএমপির জাতীয় প্রকল্প পরিচালক মো. জাফর সিদ্দিক বলেন, প্রকল্পে ২৬ লাখ টাকা ছিল। এর মধ্যে কক্সবাজারের জন্য ১৬ লাখ এবং হাকালুকির জন্য ১০ লাখ টাকা। ২৮টি দলের মধ্যে যাচাই-বাছাই করে যারা ভালো করেছে, তাদের টাকা দেওয়া হয়েছে।১৯৯৯ সালে হাকালুকি হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়। পরিবেশ রক্ষা ও বিপন্ন প্রতিবেশ ফিরিয়ে আনতে সিডব্লিউবিএমপি হাতে নেওয়া হয়।