ক্ষুদ্র সঞ্চয়ে জোর দিয়েছি: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষুদ্রঋণের জালে পড়ে দরিদ্র মানুষ অনেক সময় সহায়-সম্বলহীন নিঃস্ব হয়ে পড়ে। তাই সরকার মাইক্রো ক্রেডিটের দর্শন পাল্টে মাইক্রো সেভিংস বা ক্ষুদ্র সঞ্চয়ের ওপর জোর দিয়েছে।
গতকাল বুধবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী পল্লী সঞ্চয় ব্যাংকের ১০০ শাখা উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শাখাগুলো উদ্বোধনের পর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে টুঙ্গিপাড়া, ফরিদপুর সদর ও সিলেট সদর শাখার ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের’ সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
শেখ হাসিনা এ সময় বলেন, ‘ক্ষুদ্র সঞ্চয়ের এই প্রণোদনামূলক ব্যবস্থাই পারে গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্যের মূলোৎপাটন করতে। বিভিন্ন বেসরকারি এনজিওর ক্ষুদ্রঋণ কার্যক্রমের কিছু দিকের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘এনজিওগুলো ক্ষুদ্রঋণ দিলেও সাপ্তাহিক উচ্চ সুদের হারের কারণে ঋণ গ্রহীতার হাতে আর কিছুই থাকত না। ঋণ শোধ করতে না পেরে অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছেন। এ পরিস্থিতির অবসান ঘটাতে ক্ষুদ্র সঞ্চয়ের ওপর জোর দিয়েছি আমরা।