ক্ষুদ্রঋণ কার্যক্রমে বাংলাদেশ পথপ্রদর্শকের ভূমিকা রেখেছে উল্লেখ করে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, ‘ক্ষুদ্রঋণ কার্যক্রমের ফলে বিশ্বব্যাপী দরিদ্রদের জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে।’গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক বিশেষ সমাবর্তনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। জাতিসংঘের মহাসচিব হিসেবে বিশ্বশান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বান কি মুনকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেয়। বিকেল পৌনে চারটার দিকে জাতিসংঘের মহাসচিব অনুষ্ঠানস্থলে এসে সমাবর্তনের বিশেষ পোশাক পরেন। প্রস্তুতি শেষে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও বিশ্ববিদ্যালয়ের ১৩টি অনুষদের ডিনের সঙ্গে জাতিসংঘের মহাসচিব সমাবর্তনস্থলে ঢোকেন। এ সময় তাঁদের ফুল দিয়ে বরণ করা হয়। রাষ্ট্রপতি সমাবর্তনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার পর উপাচার্য বান কি মুনের জীবন ও কাজ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন। রাষ্ট্রপতি এরপর বান কি মুনের হাতে ডক্টর অব লজ ডিগ্রি তুলে দেন।বান কি মুন বলেন, জাতিসংঘের শান্তিমিশনে প্রতি ১০ জন শান্তিরক্ষীর মধ্যে একজন বাংলাদেশি। বাংলাদেশে গণতন্ত্র সুসংহত করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচন শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়েছে। বাংলাদেশে একটি আধুনিক ভোটার তালিকা তৈরিতে জাতিসংঘ সাহায্য করতে পেরেছে বলে গর্ববোধ করে। ভবিষ্যতেও নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সম্পূর্ণ স্বচ্ছ হওয়া অত্যাবশ্যক।স্মৃতি রোমন্থন: বক্তব্যের শুরুর দিকে বান কি মুন বাংলায় গেয়ে ওঠেন ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ এরপর তিনি বাংলাদেশ সফরের কয়েকটি স্মৃতি তুলে ধরেন। জাতিসংঘের মহাসচিব বলেন, ‘আমি তিন বছর আগে ঢাকায় এসেছিলাম। তবে একটি সফর আমার মনে দাগ কেটেছে। ১৯৭০ সালে নয়াদিল্লিতে কর্মরত অবস্থায় ঢাকায় এসেছিলাম। তখন বিমানবন্দর থেকে একটি রিকশা নিয়ে আসতাম। ঢাকার রাস্তায় যানবাহন তখন অনেক কম ছিল।’ ১৯৭৩ সালে কোরিয়া ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চুক্তির স্মৃতি রোমন্থনও তিনি করেন।