গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস বলেছেন, টাকা তৈরির হাতিয়ার বানানোর হাত থেকে দরিদ্র জনগোষ্ঠীকে বাঁচাতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানের সুস্পষ্ট ব্যবধান-রেখা টানা দরকার।ইউনূস আরও বলেছেন, ‘মানুষের দারিদ্র্য দূরীকরণ এবং তাদের স্বনির্ভর করার জন্য আমরা ক্ষুদ্রঋণ-ব্যবস্থা চালু করেছি। পুরো ব্যবস্থাটিই দরিদ্র মানুষকে সহায়তা করার জন্য। আমার মনে কখনোই মুনাফার ধারণাটি ছিল না।’গতকাল বুধবার ঢাকায় অবস্থিত আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত সামাজিক ব্যবসাবিষয়ক এক বক্তৃতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইউনূস সেন্টারের সহায়তায় স্কুলের বারিধারা ক্যাম্পাসে এই বক্তৃতা অনুষ্ঠান হয়। এতে স্কুলের শিক্ষার্থীরা ছাড়াও মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টিসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন আমেরিকান ইন্টারন ্যাশনাল স্কুলের প্রিন্সিপাল সোয়ামবেল লেদারগেরি। মুহাম্মদ ইউনূস বলেন, ‘ক্ষুদ্রঋণ-ব্যবস্থা চালু করে আমরা যখন জনপ্রিয় হয়ে গেলাম, তখন অনেকে আমাদের বলেছেন, তোমরা কেন টাকা বানাচ্ছ না। ক্ষুদ্রঋণ ব্যবহার করে তোমরা অনেক টাকা বানাতে পারো।’ মেক্সিকো ও ভারতে ক্ষুদ্রঋণকে টাকা বানানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে তিনি জানান।ইউনূস আরও বলেন, এখন সময় এসেছে কোনটি ক্ষুদ্রঋণ আর কোনটি ক্ষুদ্রঋণ নয় তা সুস্পষ্টভাবে নির্ধারণের। তিনি বলেন, ‘আমরা আর্থসামাজিক অবস্থার সঙ্গে খাপ খাওয়ানো ক্ষুদ্রঋণ কার্যক্রম অব্যাহত রেখেছি, টাকা বানানোর জন্য নয়। আমরা ব্যবসার বিপক্ষে নই। তবে তা যেন ক্ষুদ্রঋণ ব্যবহার করে না হয়।’ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রমে কোনো জামানত লাগে না। দরিদ্র মানুষকে বিশ্বাসে এনে ক্ষুদ্রঋণ দেওয়া হয়। ক্ষুদ্রঋণে প্রচলিত ব্যাংক-ব্যবস্থার মতো আইন, আইনজীবী, স্ট্যাপ, দলিলাদি নেই।তিনি বলেন, ‘অনেকেই বলেন, আমি অনেক প্রতিষ্ঠান সৃষ্টি করেছি। কিন্তু এসব কোম্পানিতে আমার কোনো শেয়ার নেই। আমি আর্থিকভাবে লাভবানও হইনি। এসব কোম্পানি সামাজিক ব্যবসা করে, যেখানে মুনাফা নেই।’সামাজিক ব্যবসা সম্পর্কে তিনি জানান, নিঃস্বার্থ ব্যবসাই হলো সামাজিক ব্যবসা। সামাজিক ব্যবসা সমাজের নানা সমস্যা দূর করতে পারে। এটি থেকে ব্যক্তিগত মুনাফা অর্জন করা যায় না। সামাজিক ব্যবসা হলো একধরনের সৃষ্টিশীলতা। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের মাঝে প্রচণ্ড সৃষ্টিশীলতা রয়েছে।’ এই সৃষ্টিশীলতা বাস্তবায়নে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেন তিনি।মুহাম্মদ ইউনূস উপস্থিত শিক্ষার্থীদের কাছে ক্ষুদ্রঋণ প্রচলনের ইতিহাস তুলে ধরেন। অনুষ্ঠানে সামাজিক ব্যবসার পরিকল্পনা নিয়ে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এতে স্যার জন উইলসন স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মালিয়াত আনিকা নূর বিজয়ী হয়। তার হাতে পুরস্কার তুলে দেন মুহাম্মদ ইউনূস।