ক্ষুদ্রঋণ সফলভাবে টিকে থাকার ওপর দারিদ্র্য হ্রাস নির্ভর করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষুদ্রঋণ কর্মসূচির সফলভাবে টিকে থাকার ওপর বাংলাদেশে দারিদ্র্য হ্রাসের বিষয়টি নির্ভর করছে। বার্তা সংস্থা ইন্টার প্রেস সার্ভিসকে (আইপিএস) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।মুহাম্মদ ইউনূস বলেন, ‘জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা-১ (এমডিজি)-এ ২০১৫ সালের মধ্যে বিশ্বের দারিদ্র্য অর্ধেকে নামিয়ে আনার কথা বলা হয়েছে। এ লক্ষ্য অর্জনে ক্ষুদ্রঋণ কর্মসূচির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’ প্রথম বাংলাদেশি নোবেলজয়ী বলেন, বাংলাদেশে নব্বইয়ের দশক থেকে প্রতিবছর দারিদ্র্য ১ শতাংশ হারে কমছে। ২০০০ থেকে ২০০৫ সালে দারিদ্র্য কমেছে ১ দশমিক ৭ শতাংশ হারে। এটা এমডিজি-১ অর্জনে বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে গেছে।গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূসকে গত মার্চে বিতর্কিতভাবে ওই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সাক্ষাৎকারে গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা আশা করি, অতীতে গ্রামীণ ব্যাংক যেভাবে পরিচালিত হয়েছে, এখনো সেভাবেই পরিচালিত হওয়ার মতো সামর্থ্য রাখবে। তবে সেটা সম্ভব হবে কি না, সে ব্যাপারে নিশ্চিত নই।’বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, ‘আমাদের অবশ্যই গ্রামীণ ব্যাংকের মালিক ৮০ লাখ নারীর অধিকার রক্ষায় তাঁদের পাশে দাঁড়াতে হবে। তাঁরাই এই ব্যাংকের ৯৭ শতাংশ শেয়ারের মালিক। গ্রামীণ ব্যাংক কীভাবে পরিচালিত হবে, তা ঠিক করার দায়িত্ব তাঁদেরই দিতে হবে।’সম্প্রতি বিশ্বব্যাংক, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্টসহ বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের গরিব ঋণগ্রহীতারা ক্ষুদ্রঋণের মাধ্যমে দরিদ্রতা থেকে বেরিয়ে এসেছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বিষয়টি স্বীকার করেছে।