ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর আয়ের ওপর ১০ শতাংশ হারে করারোপ হলে ঋণগ্রহীতারা ক্ষতিগ্রস্ত হবেন। কারণ, তাঁদের উচ্চমূল্যে কর দিতে হবে। এমনকি অতি দরিদ্র মানুষেরা ক্ষুদ্রঋণ কর্মসূচি থেকে ছিটকে পড়তে পারে। এ ছাড়া করারোপ হলে এ খাত তহবিল-সংকটে পড়বে।
আজ রোববার এক সংবাদ সম্মেলনে ক্ষুদ্রঋণের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সংগঠন ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ), ফেডারেশন অব এনজিও ইন বাংলাদেশ (এফএনবি) ও ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অব অল্টারনেটিভ ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনের (ইনাফি) নেতারা এই দাবি করেন। ক্ষুদ্রঋণের আয়ের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর আরোপের প্রস্তাবে উদ্বেগ ও প্রস্তাব বাতিলের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়েন সিডিএফের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন।
আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর আয়ের ওপর ১০ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথম আলোসহ একাধিক গণমাধ্যমে ইতিমধ্যে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এই করারোপের পক্ষে এনবিআরের এক কর্মকর্তার বক্তব্য, ২০-২৫ বছর ধরে এই ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানকে কর অব্যাহতি দিয়ে এ খাতকে সম্প্রসারণের সুযোগ দেওয়া হয়েছে। একটি খাতকে অনন্তকাল ধরে কর অব্যাহতি দেওয়া উচিত নয়। এ ছাড়া করের আওতায় এলে ক্ষুদ্রঋণপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহি আরও বাড়বে।
লিখিত বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, ক্ষুদ্রঋণপ্রতিষ্ঠানগুলো আইনত অলাভজনক। এসব উন্নয়ন প্রতিষ্ঠানের উদ্বৃত্ত আয় বা মুনাফা উদ্যোক্তারা নিতে পারেন না। পুনরায় এই অর্থ বিনিয়োগ হয়। এ জন্য সরকার আয়কর আইন অনুযায়ী ক্ষুদ্রঋণের আয়কে ‘করবহির্ভূত আয়’ হিসেবে গত দশ বছর ধরে অন্তর্ভুক্ত করে রেখেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণকারী সংস্থা এমআরএ থেকে সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের সংখ্যা ৭০০। আর এসব প্রতিষ্ঠান গত মাস পর্যন্ত সারা দেশে আড়াই কোটি মানুষের মধ্যে প্রায় ৪০ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করেছে। ঋণগ্রহীতারা এই টাকা দিয়ে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আর্থসামাজিক উন্নয়নে প্রত্যক্ষভাবে অংশ নিচ্ছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিডিএয়ের নির্বাহী পরিচালক মো. আবদুল আওয়াল, এফএনবির পরিচালক এম তাজুল ইসলাম, ইনাফির নির্বাহী পরিচালক আতিকুন নবী, ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ প্রমুখ।