ক্ষুদ্রঋণের নামে অবৈধভাবে আমানত সংগ্রহের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সোনালী উন্নয়ন ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি সংস্থার (এনজিও) বিরুদ্ধে ক্ষুদ্রঋণ প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহের অভিযোগ উঠেছে। ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (এমআরএ) এক প্রতিবেদনে সংস্থাটির এসব কার্যক্রমকে অবৈধ উল্লেখ করে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় ১০৪টি শাখা খুলে সংস্থাটি দীর্ঘদিন ধরে ডিএসএস ও এসএসপি (সঞ্চয় প্রকল্প) এবং এফডিআরের (স্থায়ী আমানত) নামে আমানত সংগ্রহ করছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রাহকদের আমানত ফেরত দেওয়া নিয়ে জটিলতায় গত এক বছরে বরগুনার আমতলী, পটুয়াখালীর কলাপাড়া, গলাচিপাসহ বেশ কয়েকটি এলাকায় সংস্থাটি শাখা গুটিয়ে নিয়েছে। সংস্থার কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, সংস্থার প্রধান কার্যালয় ঢাকার ২০৫/৪ রোকেয়া সরণি এলাকায়। ১৯৯৯ সালের ১৪ মে প্রতিষ্ঠার পর ২০০৯ সালের ২৩ ফেব্রুয়ারি ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিবন্ধন নেয় সংস্থাটি। ২০০০ সালে সমাজসেবা অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয় থেকে এটি নিবন্ধনভুক্ত হয়। এর পর থেকে সংস্থাটি ঢাকা, বগুড়া, খুলনা, বরিশাল, বরগুনাসহ ১৪টি জেলার ৩২টি উপজেলায় কার্যক্রম চালাচ্ছে। বর্তমানে ৫৯টি শাখার অধীনে সংস্থার ৬৫ হাজার ৫০০ জন সদস্য রয়েছেন। সংস্থার ওয়েবসাইটের কার্যক্রম পরিচিতিতে দরিদ্র ব্যক্তিদের গৃহনির্মাণ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও পরিবার পরিকল্পনা, গৃহবাগান প্রকল্পের কথা উল্লেখ রয়েছে। বস্তুত, প্রতিষ্ঠানটি ভোগ্যপণ্য ও আয়বর্ধক খাতে সামান্য কিছু ঋণ বিতরণ করলেও এর আড়ালে সদস্যদের কাছ থেকে মাসে ১০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত পাঁচ ও ১০ বছর মেয়াদি আমানত সংগ্রহ করছে। আর স্থায়ী আমানত প্রকল্পে সাত বছরে দ্বিগুণ অর্থ দেওয়ার প্রলোভন দিয়ে আমানত সংগ্রহ করা হচ্ছে। সূত্র জানায়, বরগুনা ও তালতলী উপজেলা সদর ও পাথরঘাটা আঞ্চলিক কার্যালয়ের অধীনে বর্তমানে ১৮টি শাখায় সদস্যসংখ্যা প্রায় ১২ হাজার। প্রতিষ্ঠানটি আমানত সংগ্রহ করছে এমন অভিযোগের ভিত্তিতে ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের একটি তদন্ত দল গত ১৩-১৫ জুন বরগুনা ও পটুয়াখালীতে এবং ১৮ জুন প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিদর্শন করে প্রতিবেদন দেয়। তদন্ত দলের প্রধান এমআরএর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মোহামঞ্চদ আলী প্রতিবেদনে উল্লেখ করেন, সংস্থাটি সারা দেশে ১০৪টি শাখা খুলে কর্মীদের মাধ্যমে শত শত কোটি টাকা আমানত সংগ্রহ করছে, যার কোনো ব্যাংক হিসাব নেই। কোনো আমানতকারী মেয়াদ পূর্তির আগে আমানত তুলে নিতে চাইলে তাঁদের সুদ তো দূরের কথা, আসল অর্থের ৩০ শতাংশ অর্থ সার্ভিস চার্জের নামে কেটে রাখে। শাখা ব্যবস্থাপক ও কর্মীরা গ্রাহকদের সঞ্চয় বা লগ্নি করা অর্থ ফেরত দিতে চাইলে প্রধান কার্যালয়ের কর্মকর্তারা তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন।অনুসন্ধানে জানা গেছে, কলাপাড়া উপজেলার ৫৭০ জন গ্রাহকের আমানতের নয় লাখ টাকা নিয়ে ফেরত দেয়নি সংস্থাটি। সংস্থাটির কলাপাড়া শাখার সাবেক ব্যবস্থাপক বজলুর রহমান তালুকদার প্রথম আলোকে জানান, ২০০৬ সালে কলাপাড়া উপজেলা সদরে প্রতিষ্ঠানটি শাখা খোলে। একপর্যায়ে ঋণ না পেয়ে গ্রাহকেরা আমানতের অর্থ ফেরত চাইলে তিনি টাকার জন্য কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তাদের তাগাদা দিলেও তাঁরা টালবাহানা করেন। পরে গ্রাহকদের চাপের মুখে তিনি (ব্যবস্থাপক) শাখাটি গুটিয়ে ফেলেন এবং বাধ্য হয়ে মামলা করেন (জিআর-২৬/২০১০)। কিন্তু আজ পর্যন্ত অর্থ ফেরত পাননি গ্রাহকেরা। উপরন্তু তাঁর বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। সংস্থার নির্বাহী প্রধান শামসউদ্দীন আজাদ বলেন, ‘আমরা নিয়মকানুনের মধ্যে থেকেই সুনামের সঙ্গে কার্যক্রম চালাচ্ছি। কলাপাড়ায় বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটেছে। এর জন্য দায়ী ওই শাখার ব্যবস্থাপক। পটুয়াখালীর বেশ কয়েকটি শাখা ঝামেলার কারণে বন্ধ করে দিয়েছি। তবে গ্রাহকদের সব টাকা ফেরত দিয়ে এসেছি।’এমআরএর যুগ্ম পরিচালক সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘অর্থ ফেরত দিতে সংস্থার নির্বাহী প্রধানকে বলেছি।’ সংস্থাটির আমানত সংগ্রহের বৈধতার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘আমরা দেখছি এটা শর্তের মধ্যে পড়ে কি না, আমরা ব্যবস্থা নিচ্ছি।’