প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষুদ্রঋণের নামে যাতে দরিদ্র মানুষকে কেউ শোষণ করতে না পারে, সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দারিদ্র্য লালন নয়, নির্মূল করা হচ্ছে তাঁর সরকারের লক্ষ্য।প্রধানমন্ত্রী গতকাল বুধবার সকালে সোনারগাঁও হোটেলে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ২৩ বছর পূর্তি উদ্যাপন ও উন্নয়ন মেলা-২০১৩ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই না, ঋণের বোঝায় মানুষ দুস্থ জীবন যাপন করুক। এ জন্য আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে দারিদ্র্য লালন নয়, নির্মূল করা। মানুষ যাতে ঋণ পরিশোধ করতে গিয়ে নিঃস্ব হয়ে না যায়, সে ব্যাপারে সজাগ থাকতে আমি সবার প্রতি আহ্বান জানাই।’পিকেএসএফের চেয়ারম্যান খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ এবং সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মেজবাহ উদ্দিন আহমেদ বক্তৃতা করেন।শেখ হাসিনা বলেন, ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ঋণের সর্বোচ্চ হার নির্ধারণের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়াদি বিধিবদ্ধ করেছে। এসব বিধিবিধান যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাই সক্রিয় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার প্রাক্কালে ক্ষুদ্রঋণ খাতে ঋণের পরিমাণ ছিল ১৮ হাজার কোটি টাকা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিগত চার বছরে এই ঋণ প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩০ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। একই সঙ্গে ২০০৮ সালের তুলনায় বর্তমানে এ খাতে ব্যাংকগুলোর অর্থায়ন ১১৭ শতাংশ বেড়ে তিন হাজার ২০০ কোটি টাকা হয়েছে।শেখ হাসিনা বলেন, ‘আমার সরকার “রূপকল্প ২০২১”-এ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বছরে প্রবৃদ্ধির হার ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য স্থির করেছে। বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্য অর্জনে আমরা অঙ্গীকারবদ্ধ।’শেখ হাসিনা বলেন, পিকেএসএফ দারিদ্র্য দূরীকরণ এবং ক্ষমতায়নে বিশেষ ভূমিকা পালন করছে। এ জন্য সংস্থাটিকে আরও শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে সহযোগী সংস্থার ছয় হাজার শাখার মাধ্যমে সারা দেশে ৯০ লাখ দরিদ্র পরিবার পিকেএসএফের সেবা পাচ্ছে।প্রধানমন্ত্রী ২৩ বছর পূর্তিতে পিকেএসএফের পরিচালনা পর্ষদ এবং কর্মকর্তা-কর্মচারী ও সহযোগী সংগঠনগুলোকে অভিনন্দন জানান। এর আগে প্রধানমন্ত্রী পিকেএসএফ পরিচালিত অতিদরিদ্রদের জন্য ক্ষুদ্রঋণ কর্মসূচির উপকারভোগীদের মধ্যে তিনজন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা তুলে দেন।