ক্ষুদ্রঋণ কার্যক্রমের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ক্ষুদ্রঋণের নামে দারিদ্র্য লালন-পালন করা হয়েছে। আর যারা ক্ষুদ্রঋণের ব্যবসা করেছে, তারা ধনশালী ও সম্পদশালী হয়েছে। এই বিষয়টি যেন গবেষণা করে দেখা হয়।
প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক, গ্রামীণ ব্যাংকসহ অন্যান্য এনজিওর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকের বছরে ১ শতাংশ করে দারিদ্র্য বিমোচন করার তথ্য অস্বাভাবিক। দেশে প্রায় আড়াই হাজারের মতো এনজিও রয়েছে, যারা ক্ষুদ্রঋণ দেয়। আবার কোনো কোনো বিশেষ ব্যাংকও ক্ষুদ্রঋণ দেয়। তারা ঋণ দিয়ে সুনামও অর্জন করেছে। কিন্তু দারিদ্র্যের হার কত শতাংশ হ্রাস পেয়েছে? কত মানুষ দারিদ্র্য থেকে বের হতে পেরেছে? এত এনজিও কী কাজ করল?
পত্রিকায় প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ব্র্যাক এ দেশে কাজ শুরু করে ১৯৭২ সালে, গ্রামীণ ব্যাংক ১৯৮৫ সাল থেকে। এই দুই জায়গা থেকে যদি বছরে ১ শতাংশ করে দারিদ্র্য হ্রাস পেয়ে থাকে, তাহলে এত দিনে বাংলাদেশে তো দারিদ্র্য থাকার কথা নয়। শূন্যের কোঠায় চলে যাওয়ার কথা বহু আগেই। কিন্তু গেল না কেন? সেটাই আমার প্রশ্ন। দারিদ্র্য হ্রাসের এত গল্প শুনলাম, তাতে কত শতাংশ দারিদ্র্য হ্রাস হয়েছে? কোন সরকারের আমলে কত শতাংশ দারিদ্র্য হ্রাস হয়েছে, তা খতিয়ে দেখা যেতে পারে।’
দারিদ্র্য বিমোচনে সরকারের ভূমিকার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘বর্তমানে দারিদ্র্যের হার ২২ শতাংশ। ১৯৯৬ সালে যখন ক্ষমতায় আসি, তখন ৫৭ শতাংশ দারিদ্র্য ছিল। ২০০৯-এ এসে ৪৭ শতাংশ পেয়েছি। আজকে ২২ ভাগে নামাতে পেরেছি। সরকারের প্রচেষ্টাতেই আট বছরে দারিদ্র্য উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।’
দেশকে ভিক্ষুকমুক্ত করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে কোনো এলাকায় ভিক্ষুক থাকতে পারবে না। ভিক্ষুকদের পুনর্বাসন করে এলাকা ভিক্ষুকমুক্ত করতে হবে। ইতিমধ্যে কয়েকটি এলাকা ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। তারপরও কিছু এলাকা রয়েছে। এখানে নাম উল্লেখ করলে অনেকে কষ্ট পাবেন।’
দেশে গণতন্ত্র নেই বলে যাঁরা সরকারের সমালোচনা করেন, তাঁদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘দেশে গণতান্ত্রিক পরিবেশ ও কথা বলার স্বাধীনতা না থাকলে সরকারের বিরুদ্ধে এত সমালোচনা করেন কীভাবে? আমি বেসরকারি টিভি চ্যানেল দিয়েছি বলেই তো কথা বলার সুযোগ পাচ্ছেন। আমার সমালোচনার সুযোগ পাচ্ছেন। উন্নয়ন চান, না গণতন্ত্র চান? গণতন্ত্র আছে বলেই উন্নয়ন হচ্ছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। প্রতিটি কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করি। যে কারণে বিশ্বব্যাপী বাংলাদেশকে উন্নয়নের রোলমডেল বলা হচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ কেউ বলছেন, শুধু উন্নয়ন করলে হবে না, গণতন্ত্র লাগবে। আর এটা কাদের মুখে শুনি? শুনি সেই লোকদের মুখে, যাঁরা জরুরি অবস্থার সরকারকে গণতান্ত্রিক মনে করেন। তাঁরা বিগলিত হয়ে জরুরি অবস্থার সরকারের পদলেহন করেন। তাঁদের আকাঙ্ক্ষা, একটি পতাকা পাবেন। এই যদি আকাঙ্ক্ষা হয়, তাহলে রাজনীতি করলে পারেন। এতে জনগণ ভোট দিলে ক্ষমতায়ও যেতে পারবেন।’