দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ক্ষুধা ও অপুষ্টি দূর করতে একযোগে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়েছে দক্ষিণ এশিয়া খাদ্য অধিকার সম্মেলন-২০১৫। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী সিনেট ভবনে তিন দিনের এই সম্মেলন শেষ হয়।
সম্মেলনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক সমাজের নেতারা অপুষ্টির চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে এই অঞ্চলের রাষ্ট্রগুলোকে আহ্বান জানান।
সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মানুষের খাদ্য প্রাপ্তির দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে যে বৈষম্য রয়েছে তা নিরসনে মনোযোগ দেওয়ার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি মানুষের পুষ্টি নিরাপত্তার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্য নিরাপত্তার জন্য কৃষির উৎপাদন বৃদ্ধির ওপরও গুরুত্ব দিতে হবে।
সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন সাংগঠনিক পরিষদের চেয়ার অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ। আরও বক্তব্য দেন সাংগঠনিক পরিষদের কো-চেয়ার ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।