ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে সহযোগিতা করুন: প্রধানমন্ত্রী
ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত শনিবার সকালে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই সহযোগিতা চান। ঈদের দিন সকাল সাড়ে নয়টা থেকে প্রধানমন্ত্রী গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।প্রধানমন্ত্রী বলেন, এবার অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ঈদ উদ্যাপিত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও খুব ভালো ছিল। গভীর রাত পর্যন্ত মানুষ নির্বিঘ্নে কেনাকাটা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত সবাইকে ধন্যবাদ জানান তিনি।রমজান মাসে নিত্যপণ্যের দাম বাড়ার রেওয়াজ থাকলেও এবার কোনো পণ্যের দাম বাড়েনি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই ছিল। এ ব্যাপারে বেশির ভাগ ব্যবসায়ীর মনোভাব ছিল ইতিবাচক। এ জন্য ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাঁর সরকার জনগণের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশবাসীর পাশাপাশি সব প্রবাসী নাগরিককেও ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী প্রথমে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, সাংসদ ও উপদেষ্টামণ্ডলীর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি সর্বস্তরের মানুষ এবং বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ইউএনবি।