বিএএসএ আয়োজিত ইফতারে প্রধানমন্ত্রী
ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে নিষ্ঠার সঙ্গে কাজ করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএএসএ আয়োজিত ইফতার ও বার্ষিক নৈশভোজে ভাষণদানকালে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের। প্রধানমন্ত্রী বলেন, আপনাদের প্রধান কাজ হচ্ছে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সর্বোচ্চ দক্ষতা ও দ্রুততার সঙ্গে সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো। ভাষণদানকালে তিনি বর্তমান সরকারের গৃহীত অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নে বিএএসএ-এর সদস্যদের সহযোগিতা কামনা করেন। শেখ হাসিনা বলেন, আপনারা সর্বাত্মক আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। কেননা, সরকারের সিদ্ধান্তগুলোর সফল বাস্তবায়ন নির্ভর করছে মাঠপর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের আন্তরিকতা ও দক্ষতার ওপর। গণতান্ত্রিক ধারা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার গণতন্ত্রকে দৃঢ় ভিত্তি প্রদানের মাধ্যমে দেশের উন্নয়ন করতে চায়। এ প্রসঙ্গে তিনি বলেন, তাঁর সরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনাসহ দেশকে এগিয়ে নিচ্ছে। এর লক্ষ্য হচ্ছে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা। শেখ হাসিনা কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, অর্থনীতি ও অন্যান্য অবকাঠামো খাতসহ বিভিন্ন খাতে বর্তমান সরকারের উল্ল্লেখযোগ্য সাফল্যের বিবরণ দেন। তিনি বলেন, স্বাধীনতা লাভের পর অধিকাংশ সময় জুড়ে অগণতান্ত্রিক সরকার দেশ শাসন করেছে তাই জনগণ কাঙ্ক্ষিত উন্নয়ন দেখতে পারেনি। তিনি বলেন, তাঁর বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদন ২০০৯ সালের সামর্থ্য ৩২০০ মেগাওয়াট থেকে ৬৬৭৫ মেগাওয়াটে উন্নীত করেছে। এ ছাড়া গ্যাস ও পানির সমস্যা অনেকাংশে দূর করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএএসএর সভাপতি আবু আলম মো. শহীদ খান। পরে প্রধানমন্ত্রী বিএএসএ আয়োজিত ইফতার ও নৈশভোজে শরিক হন।