ক্ষুধা নির্মূলে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
ক্ষুধা, দারিদ্র্য ও অপুষ্টি দূরীকরণে দক্ষিণ এশিয়ার দুই বড় দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। তবে নেপাল ও শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। বিশ্ব ক্ষুধা সূচক (গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-জিএইচআই) ২০১৬-তে এ তথ্য পাওয়া গেছে। বুধবার এ প্রতিবেদন প্রকাশ করে খাদ্যনীতিবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (ইফপ্রি)।
২০১৬-এর সূচকে বাংলাদেশের অবস্থান ১১৮টি দেশের মধ্যে ৯০তম। ২০১৫-এর প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল ৭৩তম। অবশ্য গত বছর প্রতিবেদনটি তৈরি করা হয় ১০৪টি দেশের মধ্যে। ওই সূচকে ভারতের অবস্থান ছিল ৮০ ও পাকিস্তানের ৯৩।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মতো বাংলাদেশও ক্ষুধার ঝুঁকিতে। দেশটির ১৬ দশমিক ৪ শতাংশ মানুষ অপুষ্টিতে ভুগছে। পাঁচ বছরের কম বয়সী ৩৬ দশমিক ৪ শতাংশ শিশু খর্বকায়।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, প্রতিবেদনটি তিনি এখনো দেখেননি। তবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশের খাদ্য উৎপাদন ও দারিদ্র্য বিমোচনকে বিশ্বের মধ্যে উদাহরণ হিসেবে মনে করছে।
প্রতিবেদনটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ইফপ্রি, বাংলাদেশ কার্যালয়ের প্রধান ড. আখতার আহমেদ গতকাল প্রথম আলোকেবলেন, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টিকর খাবারের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ বেশ কয়েক বছর ধরেই ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। তবে এ ক্ষেত্রে বাংলাদেশের আরও ভালো করার সুযোগ আছে।
সূচকে ১১৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯০। বাংলাদেশের সূচক ২৭ দশমিক ১। দক্ষিণ এশিয়ার দেশগুলোর
মধ্যে বাংলাদেশের আগে রয়েছে শ্রীলঙ্কা (৮৪), মিয়ানমার (৭৫), নেপাল (৭২) ও চীন (২৭)। সূচকে ভারতের অবস্থান ৯৭ এবং পাকিস্তানের ১০৭।