ক্ষুধায় লোকালয়ে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুধায় জঙ্গল থেকে বের হয়ে আসে মেছো বাঘের শাবকটি। কিন্তু স্থানীয় লোকজনের পাতা ফাঁদে ধরা পড়ে অবশেষে পিটুনিতেই প্রাণ গেল এটির। সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও এলাকার উদালী মোকামটিলা এলাকায় এ ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকালে শাবকটিকে মৃত অবস্থায় সেখানকার একটি বাড়ির আঙিনায় পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গলবেষ্টিত উদালী মোকামটিলার আশপাশে বসবাসকারী কয়েকটি পরিবারের ছাগল ও ভেড়া মাঝেমধ্যেই খোয়া যায়। এতে এলাকার লোকজন সম্প্রতি ফাঁদ পাতেন। গতকাল সকালে শাবকটি ক্ষুধায় জঙ্গল থেকে বেরিয়ে এলে ওই ফাঁদে আটকা পড়ে। এ সময় তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। আড়াই ফুট লম্বা ও দেড় ফুট চওড়া এ শাবকের গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক ব্যক্তি অভিযোগ করে বলেন, স্থানীয় নোমান মিয়ার নেতৃত্বে সাত-আটজন লোক শাবকটিকে পিটিয়ে মারেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন নোমান মিয়া। তিনি বলেন, ‘বাঘের শাবকটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যায়। সকালে আমরা রাস্তায় গিয়ে মরা বাঘের বাচ্চা দেখে এসেছি।’ বাড়ির আঙিনায় এটি পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বাড়ির ছোট ছোট ছেলেরা খেলার ছলে সেটিকে বাড়িতে নিয়ে এসেছে।’মাইজগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ‘পাহাড়ি এলাকায় বসবাসকারী লোকজন প্রায়ই বাঘ, শিয়ালের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি শুনেছি, স্থানীয় কেউ শাবকটি হত্যা করেনি। সড়ক পারাপারের সময় বাচ্চাটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে।’