ক্ষুব্ধ, হতাশ সম্ভাব্য প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ঢাকার সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন স্থগিত হওয়ায় ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। তাঁরা চান, দ্রুত সমস্যার সমাধান করে নির্বাচনী প্রক্রিয়া শুরু হোক। কোনো কোনো প্রার্থীর অভিযোগ, নির্বাচন স্থগিত হওয়ার পেছনে সরকারের কারসাজি আছে। এ জন্য তাঁরা প্রথম আলোর কাছে অসন্তোষ প্রকাশ করেছেন। প্রায় দুই ডজন ব্যক্তি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর কাউন্সিলর পদে মনোনয়নপত্র নিয়েছেন কয়েক শ ব্যক্তি।এঁদের মধ্যে মেয়র পদে ঢাকা দক্ষিণ থেকে মনোনয়ন সংগ্রহকারী তুহিন মালিক হাইকোর্টে স্থগিতাদেশের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন করবেন বলে জানিয়েছেন।ঢাকা উত্তর থেকে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনও তারা করতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। তিনি বলেন, ‘এটা কি হতে পারে যে কোনো গেজেট নোটিফিকেশন ছাড়া নির্বাচন কমিশনকে দিয়ে তফসিল ঘোষণা করা হলো? অথচ আগের নির্বাচনের পর পাঁচ বছর পার হয়েছে।’সম্ভাব্য আরেক মেয়র পদপ্রার্থী জাসদের শিরীন আক্তার বলেন, পুরো বিষয়টির জন্য আমলাতন্ত্রের উদাসীনতা দায়ী। আইনের ফাঁকফোকর দিয়ে এমন একটা নির্বাচন আটকে রাখা হতাশাজনক ও দুঃখজনক। মেয়র পদে ঢাকা উত্তরের সম্ভাব্য আরেক প্রার্থী সিপিবির নেতা আবদুল্লাহ আল কাফি (কাফি রতন) মনে করেন, ক্ষমতাসীনরা মনে করছে, তাদের প্রার্থীদের জয়ের সম্ভাবনা নেই। এ জন্য তারা চক্রান্ত করে নির্বাচন পিছিয়ে দিয়েছে।ঢাকা দক্ষিণের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগের নেতা সাঈদ খোকন বলেন, ‘একজন নাগরিক হিসেবে এ নির্বাচন অন্য সবার মতো আমার কাছেও প্রত্যাশা ছিল। আমি চাইব, যত দ্রুত সম্ভব সব প্রতিবন্ধকতা দূর করে এ নির্বাচন করা হোক।’সম্ভাব্য আরেক মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগের নেতা হাজি মো. সেলিম বলেন, ‘সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এভাবে বারবার নির্বাচন পিছিয়ে যাচ্ছে। হতাশ হয়ে পড়ছি।’ বিএনপিদলীয় সাবেক সাংসদ এস এ খালেক মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি মনে করেন, সরকার বুঝতে পেরেছে, তাদের মনোনীত প্রার্থীরা নির্বাচনে জিততে পারবে না। এ জন্য নির্বাচন বন্ধ করে দিয়েছে।