ক্ষুব্ধ অভিভাবকেরা উচ্ছেদ করলেন ফুটপাতের দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

pহিউম্যান হলারের ধাক্কায় পুরান ঢাকার সেন্ট গ্রেগরি স্কুলের এক ছাত্রের বাবার মৃত্যুর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে অভিভাবকেরা ও এলাকাবাসী লক্ষ্মীবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তাঁরা ওই এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করেন এবং কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করেন।
সকাল আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত অবরোধ চলে। গত বুধবার সকালে বাবুবাজার সেতুর কাছে হিউম্যান হলারের (লেগুনা) ধাক্কায় সেন্ট গ্রেগরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র সাকিব হাসানের বাবা শাহ জামাল নিহত ও সাকিব আহত হয়। শাহ জামাল ইসলামপুরের কাপড় ব্যবসায়ী ও বাসা দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচায়। বুধবার লক্ষ্মীবাজারের সেন্ট গ্রেগরি স্কুলে আসার পথে বাবুবাজার সেতুর কাছে সড়ক পার হওয়ার সময় লেগুনার ধাক্কায় শাহ জামাল মারা যান ও সাকিব আহত হয়। পুলিশ চালক লিটনসহ লেগুনাটি আটক করেছে।
সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে হতাহত হওয়ার খবর গতকাল সকালে সেন্ট গ্রেগরি স্কুলে ছড়িয়ে পড়লে অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। অন্তত ৩০০ অভিভাবক স্কুলের সামনে লক্ষ্মীবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাঁদের সঙ্গে যোগ দেন এলাকাবাসী। একপর্যায়ে তাঁরা কবি নজরুল কলেজ থেকে সোহরাওয়ার্দী কলেজের সামনে পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত দখল করে টংঘর, চৌকি ও পলিথিন বিছিয়ে বসানো দোকান উচ্ছেদ করেন। কয়েকটি টংঘর, চৌকি ও রিকশাভ্যানে আগুন দেন। প্রায় দেড় ঘণ্টা এ অবস্থা চলে।
পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মো. ইলিয়াছ শরীফ বলেন, বিক্ষুব্ধ অভিভাবকেরা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে যেতে বাধা দেন। পরে তাঁদের বুঝিয়ে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলে।
কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দার অভিযোগ, কবি নজরুল কলেজ থেকে সোহরাওয়ার্দী কলেজ পর্যন্ত সড়কের দুই পাশের প্রায় আধা কিলোমিটার ফুটপাত দখল করেছেন। সড়কে গড়ে উঠেছে হিউম্যান হলারের অবৈধ স্ট্যান্ড। এ ছাড়া সড়কে রিকশা-ভ্যানের ওপর পোশাকসহ নানা পণ্য রেখে বিক্রি করায় সড়ক সংকুচিত হয়ে পড়েছে। এই সড়ক দিয়েই হিউম্যান হলারগুলো বেপরোয়াভাবে চলে। এই সড়কে এবং আশপাশে আরও স্কুল আছে। ফলে অভিভাবকদের ঝুঁকি নিয়ে সন্তানদের স্কুলে আনা-নেওয়া করতে হয়। অবৈধ দোকান, স্ট্যান্ড উচ্ছেদ করা না হলে তাঁরা মঙ্গলবার আবার বিক্ষোভ-অবরোধ কর্মসূচি করবেন।