ক্ষুব্ধ এরশাদ মহাজোট ছাড়তে চেয়েছিলেন

ক্ষমতাসীন মহাজোটে জাতীয় পার্টির (জাপা) থাকা না-থাকা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য ‘সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, জাপা নির্বাচন পর্যন্ত মহাজোটে থাকবে ও একসঙ্গে নির্বাচন করবে, গত রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে বৈঠকে এ ধরনের কোনো আলোচনা হয়নি।
গতকাল সোমবার দুপুর ১২টায় রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এরশাদ এসব কথা বলেন।
জাপার দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, গতকালের সংবাদ সম্মেলনেই এরশাদ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন মহাজোট ছাড়ার ঘোষণা দিতে চেয়েছিলেন। পরে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট দলের ভেতরে-বাইরের কয়েকজনের অনুরোধে এ ঘোষণা দেওয়া থেকে বিরত থাকেন। তবে শিগগিরই তিনি এ ঘোষণা দেবেন।
অবশ্য গতকালের সংবাদ সম্মেলনে এরশাদ বলেছেন, ‘মহাজোট ত্যাগ করার সর্বসম্মত সিদ্ধান্ত ইতিপূর্বে আমাদের দলে গৃহীত হয়েছে এবং সে সিদ্ধান্ত কার্যকর করার
দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছে। আমি শিগগিরই সে সিদ্ধান্ত বাস্তবায়ন করব।’
এর আগে রোববার রাতে প্রধানমন্ত্র্রীর সঙ্গে জাপার বৈঠক শেষে সৈয়দ আশরাফ গণমাধ্যমকে বলেছিলেন, বিএনপি নির্বাচনে না এলে জাপাকে সঙ্গে নিয়েই নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠন করা হবে। এ ছাড়া জাতীয় পার্টি মহাজোটে থাকবে কি থাকবে না, তা নির্ভর করছে বিএনপির ওপর। কারণ, বিএনপি নির্বাচনে না এলে জাতীয় পার্টি মহাজোট থেকে বেরিয়ে বিরোধী দল হিসেবে নির্বাচনে অংশ নেবে।
জাপার সূত্রগুলো জানায়, ওই রাতে টেলিভিশনে সৈয়দ আশরাফের এ বক্তব্য দেখে বেশ ক্ষুব্ধ হন এরশাদ। এ সময় তাঁর প্রেসিডেন্ট পার্কের বাসায় দলের চার নেতা কাজী জাফর আহমদ, আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার উপস্থিত ছিলেন। রাত একটা পর্যন্ত তাঁরা বৈঠক করে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত নেন।
সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির কতিপয় সদস্যকে প্রধানমন্ত্রী গণভবনে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন। আমরা তাতে অংশগ্রহণ করি। নৈশভোজের আগে আমাদের মধ্যে অনেক বিষয়ে আলোচনা হয়। কিন্তু নৈশভোজের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ গণমাধ্যমের কাছে যে বক্তব্য দিয়েছেন, তা পড়ে ও শুনে আমি স্তম্ভিত হয়েছি। উনার বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য।’ তিনি বলেন, ‘আমরা মহাজোট থাকব কি, থাকব না—এটা আমাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। সে বিষয়ে বৈঠকে কোনো আলোচনাই হয়নি।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন যে আশরাফ তাঁর বক্তব্য প্রত্যাহার করে নেবেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রথম আলোকে বলেন, ওই বৈঠকের আলোচনা ও ফলাফল সম্পর্কে দুই দলের মহাসচিব একসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তখন কেউ কারও বক্তব্যে দ্বিমত পোষণ বা প্রতিবাদ করেননি। এখন কোনটা সত্য, কোনটা অসত্য তা দুই মহসচিবই স্পষ্ট করতে পারেন।
সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে সবর্দলীয় সরকারের বিষয়ে কতগুলো অস্পষ্টতা ছিল, বৈঠকে সেসব বিষয়ে কথা হয়েছে। এর মধ্যে প্রথমটি ছিল সর্বদলীয় সরকারের প্রধান কে থাকবেন। প্রধানমন্ত্রী বলেছেন তিনিই থাকবেন। এ ছাড়া নির্বাচন কবে হবে, কবে তফসিল ঘোষণা করা হবে, এসব বিষয়েও আলোচনা হয়েছে।
জাপার চেয়ারম্যান বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বলেছি বিএনপি ঘোষণা দিয়েছে, আপনি প্রধানমন্ত্রী থাকলে তারা নির্বাচনে যাবে না। উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, “শুনেছি বিএনপি নির্বাচনে যাবে।” এরপর জানতে চেয়েছি, প্রস্তাবিত সরকারে মন্ত্রিসভায় কতজন সদস্য থাকবে, কোন কোন দলের থাকবে? প্রধানমন্ত্রী বলেছেন, “এসব আলোচনা করে ঠিক করা যাবে।”’
এরশাদ বলেন, তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, সর্বদলীয় সরকারের প্রস্তাব দেওয়ার পরদিনই সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা ঠিক হয়নি, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, ঘরোয়া সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। কিন্তু বাইরের নিষেধাজ্ঞা বহাল থাকবে। নইলে নাশকতা হতে পারে।
এরশাদ বলেন, ‘আমি বারবার বলে আসছি, সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন জাতির কাছে, পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে না। জাতীয় পার্টি সে নির্বাচন করবে না।’
শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের প্রধান থাকলে জাপা নির্বাচনে যাবে কি না, এ প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘সে প্রশ্নের উত্তর এখন আমাদের কাছে নেই। আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেব। বড় কথা হচ্ছে, সব দল নির্বাচনে অংশগ্রহণ না করলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা সে নির্বাচনে যাব কী করে?’ তিনি এ-ও বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী সরকারপ্রধান থাকলে স্বভাবতই প্রশাসন উনার অধীনে থাকবে। প্রশাসনিক কর্মকাণ্ড উনার নির্দেশেই হবে। সে কারণে ভয় থাকতেই পারে, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।’
সংবাদ সম্মেলনে কাজী জাফর আহমদ, আনিসুল ইসলাম মাহমুদ, জি এম কাদের, জিয়াউদ্দিন আহমেদ, রুহুল আমিন হাওলাদারসহ জাপার কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।