ক্ষুব্ধ ও মর্মাহত নাগরিক সমাজ
ফয়সল আরেফিনকে হত্যা এবং আহমেদুর রশীদসহ তিনজনকে হত্যাচেষ্টার ঘটনায় ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছে নাগরিক সমাজ। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও গতকাল রোববার পৃথক বিবৃতিতে এর বিরুদ্ধে দল-মতনির্বিশেষে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।
নাগরিক সংগঠন ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ বিবৃতিতে বলেছে, এমন সময়ে এসব ঘটনা ঘটানো হচ্ছে, যখন দুজন কুখ্যাত যুদ্ধাপরাধীর বিচারের রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন প্রয়োজন দল-মতনির্বিশেষে ধর্মান্ধতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দৃঢ় অবস্থান গ্রহণ করা। বিবৃতিতে সই করেন অধ্যাপক আনিসুজ্জামান, সৈয়দ শামসুল হক, অজয় রায়, সুলতানা কামাল, কামাল লোহানী, রামেন্দু মজুমদার, সারওয়ার আলী প্রমুখ।
আইন ও সালিশ কেন্দ্র বলেছে, বারবার এ ধরনের হামলা মানুষকে চরম নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিচ্ছে। সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ মনে করে, যুদ্ধাপরাধের চলমান বিচারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য এ ধরনের নৃশংসতম হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে।
সুশাসনের জন্য নাগরিকের সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ, পরমতসহিষ্ণুতার চর্চা ছাড়া এই ধারাবাহিক হত্যাকাণ্ড রোধের আর কোনো বিকল্প পথ নেই।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বলেছে, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে তাদের যাবতীয় সংগঠন, মওদুদীবাদী প্রকাশনা ও কার্যক্রম বন্ধ না হলে শুধু মুক্তচিন্তার ব্লগার নয়, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের যাবতীয় অর্জন বিপন্ন হবে। আক্রমণকারীদের গ্রেপ্তারের দাবি করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক দুটি ঘটনাকে ‘স্পষ্টতই জঙ্গি হামলা’ বলে উল্লেখ করেছেন। অন্যদিকে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বিদেশি হত্যা, তাজিয়া মিছিলে হামলার পর এ ঘটনা সরকারের ব্যর্থতাকে আরও স্পষ্ট করেছে। আর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া এ ঘটনাকে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ বলেছেন।
এ ছাড়া বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সম্মিলিত সামাজিক আন্দোলন, বাংলাদেশ মহিলা পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, কর্মজীবী নারী, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ যুব মৈত্রী, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, বাংলাদেশ অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন দল ও সংগঠন ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের বিচার দাবি করেছে।