ক্ষুব্ধ, তবে হতাশ নয় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে এসে ধাক্কা খেল বিএনপি। শুরুর দুই পর্বে এগিয়ে থাকার পর তৃতীয় পর্বে ‘সরকারি জবরদখলে’ ক্ষুব্ধ দলের নীতিনির্ধারকেরা। তবে একেবারে হতাশ নয় বিএনপি।
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গত শনিবার ৮১টি উপজেলায় নির্বাচন হয়। তাতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চেয়ে ১১টি কম পেয়েছে বিএনপি। আওয়ামী লীগ ৩৭ এবং বিএনপি ২৬টিতে জিতেছে। এর আগের দুই পর্বে আওয়ামী লীগের চেয়ে ১৭টি বেশি পেয়েছিল দলটি।
দলের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, তৃতীয় পর্বের ধাক্কাকে পরের ধাপের নির্বাচনগুলোর জন্য সতর্ক বার্তা হিসেবে দেখছে বিএনপি। এ জন্য দলের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে আরও কঠোর হওয়া এবং স্থানীয় পর্যায়ে জামায়াতের সঙ্গে সমন্বয় সাধনে নতুন করে উদ্যোগ নেওয়ার কথা চিন্তা করা হচ্ছে। এর পাশাপাশি তৃতীয় ধাপের নির্বাচনে ‘সরকারের জবরদখলের’ প্রতিবাদে শিগগিরই কর্মসূচি দেওয়ার কথা ভাবা হচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, তৃতীয় দফায় ভোট ছিনতাইয়ের প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা ছিল। কিন্তু দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ নেতাদের কারাগারে পাঠানোর কারণে এ কর্মসূচি পিছিয়ে যায়। তবে এ সপ্তাহের মধ্যেই ভোট কারচুপির প্রতিবাদে কর্মসূচি আসতে পারে বলে জানান তিনি।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা মনে করেন, তৃতীয় ধাপের ফলাফল বাস্তবতার প্রতিফলন নয়। তাঁদের অভিযোগ, সরকার দ্বিতীয় ধাপের চেয়ে তৃতীয় ধাপে আরও সহিংস ও ‘জবরদখলকারী’ হিসেবে আবির্ভূত হয়েছে। সরকার যদি এভাবে ‘জবরদখল’ না চালাত, তাহলে আরও অন্তত ২০টি উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়ী হতেন।
অবশ্য সরকার-সমর্থকদের ভোটকেন্দ্র দখল ও সহিংস আচরণের বাইরে স্থানীয় পর্যায়ে বিএনপির অন্তঃকোন্দল ও জোটের শরিক জামায়াতে ইসলামীর আলাদা প্রতিদ্বন্দ্বিতাকেও খারাপ ফলের জন্য কিছুটা দায়ী করছেন বিএনপির কোনো কোনো নেতা।
ফল বিশ্লেষণে দেখা যায়, তৃতীয় ধাপের ৮১টি উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী ছিল ৭৯টিতে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও নওগাঁর ধামইরহাট জামায়াতকে ছেড়ে দিয়েছিল বিএনপি। জামায়াত প্রার্থী দেয় ২৪টিতে।
ঘোষিত ফলাফলে দেখা যায়, ৭৯টি উপজেলার মধ্যে জামায়াত যে ৫৭টিতে প্রার্থী দেয়নি, তাতে বিএনপি-সমর্থিত প্রার্থীরা ২৪টিতে জিতেছে। আবার জামায়াত যে ২৪টিতে প্রার্থী দিয়েছিল, তার মধ্যে আটটিতে তারা জয়ী হয়। বাকি ১৪টিতেই জিতেছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা। দুটি উপজেলা জামায়াতকে ছেড়ে দেওয়ার পর বাকি ২২টিতেই বিএনপি-সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। এর মধ্যে মাত্র দুটিতে বিএনপি জিততে পেরেছে।
ভোট হিসাব করে দেখা যায়, জামায়াত-সমর্থিত প্রার্থী না থাকলে এই ২২টির মধ্যে সাতটিতে বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়ী হতে পারতেন। একইভাবে বিএনপির প্রার্থী না থাকলে জামায়াত-সমর্থিত ছয়জন জিততেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান তাঁর নিজের এলাকা দিনাজপুর সদর উপজেলায় জামায়াতের প্রার্থিতার উল্লেখ করে গত শুক্রবার প্রথম আলোকে বলেছিলেন, দিনাজপুর সদরে জামায়াতের কোনো অবস্থান নেই। তার পরও তারা প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে।
ভোটের পর দেখা যায়, সেখানে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ১০ হাজার ২১৪ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান হয়েছেন। জামায়াতের প্রার্থী পেয়েছেন ৩৫ হাজার ৫৪৩ ভোট।
মাহবুবুর রহমান গতকাল এ বিষয়ে বলেন, কিছু কিছু ক্ষেত্রে অভ্যন্তরীণ কোন্দল এবং বিএনপির সঙ্গে জামায়াতের প্রতিদ্বন্দ্বিতার কারণেও ফল খারাপ হয়েছে। তবে ঢাকার বাইরে যে বাস্তবতা এবং বিএনপির প্রতি মানুষের যে জনসমর্থন, ফলাফলে তা প্রতিফলিত হয়নি। সরকারের দমন-পীড়ন, ত্রাস সৃষ্টি, ছিনতাইয়ের কারণে ফল খারাপ হয়েছে।
উপজেলা নির্বাচন সমন্বয়ের সঙ্গে যুক্ত বিএনপির দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তৃতীয় ধাপের নির্বাচনে ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও সরকারি দলের সন্ত্রাসে তাঁরা ক্ষুব্ধ। তাঁরা মনে করেন, কুমিল্লার চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, চাঁদপুর, ফেনীর দাগনভূঞা, বরিশালের বাবুগঞ্জ, মুলাদী, বাগেরহাট সদর, মোরেলগঞ্জ, শরণখোলা, রামপাল—এই ১০টি উপজেলায় কোনো নির্বাচনই হয়নি। এসব জায়গায় প্রশাসন নিরপেক্ষ থাকলে তাঁদের এগিয়ে থাকার ধারা এবারও অব্যাহত থাকত।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল সাংবাদিকদের বলেন, সরকার ২০ থেকে ২৫টি উপজেলা পুরোপুরি ছিনিয়ে নিয়েছে। এর বাইরে আরও ২০-২৫টির মতো উপজেলায় কেন্দ্র দখল হয়েছে।
বিএনপির নেতারা এখন মনে করছেন, ৫ জানুয়ারির একতরফা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা এবার প্রমাণিত হলো।
স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, উপজেলা নির্বাচনে ভোট ডাকাতির যে সংস্কৃতি চালু হয়েছে, তাতে ভোটের প্রতি মানুষের কোনো বিশ্বাস থাকবে না। এতে শুধু বিএনপির নেতা-কর্মীই নয়, মানুষের মনে যে ক্ষোভ বাড়ছে, তা জাতি ও রাষ্ট্রের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।