ক্ষুব্ধ মানুষের বাধার মুখে পড়ছেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ দাবি করেছেন, মানুষ খালেদা জিয়ার ওপর প্রচণ্ড ক্ষুব্ধ। তাই কয়েক দিন ধরে তিনি (খালেদা) যেখানে যাচ্ছেন সেখানেই বাধার সম্মুখীন হচ্ছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
হাছান মাহমুদ অভিযোগ করেন, মানুষকে উত্তেজিত করার হীন উদ্দেশ্য নিয়ে খালেদা জিয়া উসকানিমূলক ও মিথ্যা বানোয়াট বক্তব্য দিচ্ছেন। তাঁর দাবি, গত বুধবার বাংলামোটর এলাকার ঘটনাও খালেদা জিয়া উসকানিমূলকভাবে ঘটিয়েছেন। সেদিন তাঁর গাড়ির বহর দুজন বিক্ষোভকারীকে চাপা দিলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ ধরনের ঘটনা ঘটিয়ে তিনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চান।
মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমেরও সমালোচনা করেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘মনজুর আলম চট্টগ্রামকে আবর্জনার ভাগাড়ে পরিণত করেছেন। তাঁর দাবি, সরকারি কর্মকর্তাদের বিতর্কিত করার অপচেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশনে বিভিন্ন ধরনের বানোয়াট ও মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে, যে কারণে খুলশী থানার ওসিকে সরিয়ে দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী ও দক্ষিণের সভাপতি মোছলেম উদ্দিন আহম্মদ, উত্তরের সাধারণ সম্পাদক এম এ সালাম ও দক্ষিণের সাধারণ সম্পাদক মফিজুর রহমান এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন ।