ক্ষুব্ধ মুক্তিযুদ্ধবিষয়ক সচিব দুই কর্মকর্তাকে তিরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঠিকাদারের কাছ থেকে কত টাকা পারসেনটেজ পেয়েছেন? এই অপদার্থ উপজেলা প্রকৌশলীকে সরিয়ে দিন। আমি প্রধানমন্ত্রীর কাছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করব।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান গতকাল শুক্রবার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে এসে অসন্তোষ প্রকাশ করে এসব কথা বলেছেন। তিনি ভবন নির্মাণকাজের গুণগত মান দেখে ক্ষুব্ধ হয়ে নির্মাণকাজের তদারকের দায়িত্বে থাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দুই প্রকৌশলীকে ভর্ৎসনাও করেন।
এম এ হান্নান সকাল ১০টার দিকে আক্কেলপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় জয়পুরহাটের জেলা প্রশাসক আবদুর রহিম, জয়পুরহাটের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী নাইমা নাজনীন, জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী গোলাম মোর্শেদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আমজাদ হোসেন, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ, উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নবীবুর রহমান, ডেপুটি কমান্ডার সারোয়ার হোসেন প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, এম এ হান্নান নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি ঘুরে ঘুরে দেখেছেন। তিনি নির্মাণাধীন তিনতলাবিশিষ্ট এই ভবনের প্রতিটি ইউনিটের দোকানঘর ও বাথরুম সুচারুভাবে দেখেন। তিনি ভবনটির নির্মাণে ত্রুটি-বিচ্যুতি দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে ভবনের নিচতলায় অপেক্ষমাণ মুক্তিযোদ্ধাদের এম এ হান্নান বলেন, ‘আপনাদের বাড়িতে হলে এ রকম কাজ করাতেন? আপনারা কাজের খোঁজখবর নেননি কেন?’ এরপর তিনি এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে ভবনের ত্রুটি-বিচ্যুতি দ্রুত সারানোর নির্দেশ দেন।
ভবন নির্মাণকাজের তদারকের দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, ভবন নির্মাণকাজের কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে। এতে সচিব ক্ষুব্ধ হয়েছেন।
গোলাম মো. শাহনেওয়াজ বলেন, সচিব মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি ভবন নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারকে তিরস্কারও করেছেন।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, এলজিইডির তত্ত্বাবধানে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবন নির্মিত হচ্ছে। চারতলা ভবনের তিনতলা পর্যন্ত কাজ হয়েছে। প্রায় ১ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছে। নাফিস এন্টারপ্রাইজ নামে সান্তাহারের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে।
মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান গত বৃহস্পতিবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবন নির্মাণকাজ পরিদর্শন করেন ।
এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক মমিন মজিবুল হক, বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, জেলা নির্বাহী প্রকৌশলী নাইম উদ্দিন মিয়া, কাহালুর ইউএনও মোছা. তাছলিমা খাতুন, শিবগঞ্জের ইউএনও রবিউল ইসলাম, কাহালু উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণকাজ চলছে।