জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান ধর্মঘটের কারণে বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা স্থগিত এবং বাস বন্ধ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দাবিতে গতকাল রোববার ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
এদিকে শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে ধর্মঘট অব্যাহত রয়েছে। ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের যানবাহন চলাচলে বাধা দেওয়ার অভিযোগে গতকাল শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমারকে চিঠি দিয়েছে প্রশাসন। এ নিয়ে বিক্ষুব্ধ শিক্ষকেরা গত রাতে উপাচার্যের বাসভবনে যান। সেখানে দুই পক্ষের বৈঠক চলাকালে চিঠি নিয়ে বাগিবতণ্ডা হয় বলে জানা গেছে। শিক্ষকেরা বলছেন, উপাচার্য সমিতির সভাপতিকে এভাবে ‘নোটিশ’ দিতে পারেন না।
তবে এর আগে উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, ‘আন্দোলনকারী শিক্ষকেরা মিথ্যাচার করছেন। বরং বিশ্ববিদ্যালয়ের যানবাহন বন্ধ করার অভিযোগে শিক্ষক সমিতির সভাপতিকে চাকরিবিধি অনুযায়ী চিঠি দেওয়া হয়েছে।’
গতকাল ধর্মঘটের দ্বিতীয় দিনেও বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা হয়নি। প্রশাসনিক ভবন ও পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের তালা খুলতে দেননি আন্দোলনকারী শিক্ষকেরা। এ সময় আন্দোলনকারী ১৫-২০ জন শিক্ষককে প্রশাসনিক ভবনের সামনে দেখা যায়। উপাচার্যের পদত্যাগের দাবিতে ২ নভেম্বর থেকে ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের কারণে ইতিমধ্যে প্রত্নতত্ত্ব, পদার্থবিজ্ঞান এবং অণুজীব বিভাগের বিভিন্ন বর্ষের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। গতকাল অণুজীব বিভাগের তৃতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়। অন্যান্য বিভাগের পরীক্ষা নিয়েও অনিশ্চয়তার মধ্যে আছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস বন্ধ রয়েছে। এ কারণে অনেকে সনদ উত্তোলন করতে পারছেন না। সেই সঙ্গে ধর্মঘটের কারণে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বাস সার্ভিস বন্ধ রাখা হয়েছে। ধর্মঘটের মধ্যে গত দুদিন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য সীমিতসংখ্যক বাস দেওয়া হলেও শিক্ষার্থীদের জন্য কোনো বাস দেওয়া হয়নি।
এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। ক্লাস-পরীক্ষা চালুর পরিবেশ তৈরি করতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গতকাল বেলা সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে মিছিল করেছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পরিবহন চত্বরে এসে শেষ হয়। পরীক্ষা ও বাস সার্ভিস বন্ধ করার প্রতিবাদে গতকাল থেকে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস এবং পেজ খুলে প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা পরীক্ষা ও বাস ধর্মঘটের আওতামুক্ত রাখার দাবি জানান। শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার বলেন, ‘আমরা শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বাস ধর্মঘটের আওতামুক্ত রেখেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনই শিক্ষার্থীদের বাস বন্ধ করে দিয়েছে। পরীক্ষা অফিস ধর্মঘটের আওতায় রাখার ব্যাপারে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা আমাদের ধর্মঘটে সাড়া দিয়ে পরীক্ষা অফিস বন্ধ রেখেছেন।’
জাকসু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন: বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে গতকাল এক আদেশে বলা হয়, জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের লক্ষ্যে এ কে এম শাহনাওয়াজকে প্রধান নির্বাচন কমিশনার ও মো. মুজিবুর রহমানকে সদস্যসচিব করে গতকাল পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের অন্য সদস্যরা হলেন আবুল খায়ের, মো. আমিনুল ইসলাম ও সোহেল আহমেদ।