সিলেটের জৈন্তাপুরে এক গৃহবধূ ও তাঁর মেয়েকে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিওচিত্র ক্ষুব্ধ হয়ে ছড়িয়ে দিয়েছেন এ ঘটনায় হওয়া মামলার আসামি নিমার আহমদ। গত শুক্রবার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেন তিনি।
গত শুক্রবার রাতে সিলেটের বিচারিক হাকিম (দ্বিতীয় আদালত) শারমীন কানন মিলার আদালতে নিমারের জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করা হয়। সিলেটের অতিরিক্ত সরকারি কৌঁসুলি শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে জবানবন্দি দেওয়ার পর নিমারকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি সফিউল কবির।
পুলিশ সূত্র জানায়, জবানবন্দিতে নিমার বলেন, প্রথমে তিনি মা ও পরে মেয়েকে (১৬) একাধিকবার ধর্ষণ এবং কৌশলে ধর্ষণের দৃশ্য মুঠোফোনের ভিডিও ক্যামেরায় ধারণ করেন। পরে ওই ভিডিওচিত্র দেখিয়ে ধর্ষণ অব্যাহত রাখেন। ছয় মাস আগে মেয়েকে তাঁর সঙ্গে বিয়ে দিতে চাওয়ায় তিনি ভিডিওচিত্র ছড়িয়ে দেন।
জৈন্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার জাহিদ বলেন, প্রেমের ফাঁদ পেতেই রাজমিস্ত্রী নিমার নেশাজাতীয় দ্রব্য খাইয়ে মা-মেয়েকে ধর্ষণ করে কৌশলে ভিডিওচিত্র ধারণ করেন। প্রাথমিকভাবে নিমারের মুঠোফোন থেকে ও এলাকায় ছড়িয়ে পড়া ধর্ষণের ১০টি ভিডিওচিত্র পুলিশ সংগ্রহ করেছে। এ ধরনের আরও ভিডিওচিত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।