ক্ষুর দিয়ে ছয় ছাত্রকে জখম করার ঘটনায় এক ছাত্র বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছয় ছাত্রকে ক্ষুর দিয়ে আঘাত করার ঘটনায় মো. হাবিবুর রহমান নামের এক ছাত্রকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।আহত ছাত্ররা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুই সদস্যের তদন্ত দল গত মঙ্গলবার থেকে কাজ শুরু করেছে।বিশ্ববিদ্যালয়ের আদেশে বলা হয়, গত সোমবার সুরমা গেট এলাকায় বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা বাসে ক্ষুর দিয়ে ছয় ছাত্রকে আঘাত করে ক্ষতবিক্ষত করার ঘটনায় হাবিবুর রহমানকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। বহিষ্কার অবস্থায় প্রক্টরের অনুমতি ছাড়া ক্যাম্পাসে ঢুকতে পারবেন না হাবিবুর। হাবিবুরের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের প্রধান মোজাম্মেল হক। এদিকে গত মঙ্গলবার হাবিবুরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।গত সোমবার রাতে সিলেট কোতোয়ালি থানার পুলিশ হাবিবুর রহমানের মেসে তল্লাশি চালায়। পুলিশ তল্লাশি চালানোর পরপরই ছাত্রলীগের কয়েকজন কর্মী হাবিবের কক্ষে ঢুকে লুটপাট চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের বাস থামিয়ে ছাত্রলীগের কয়েকজন কর্মী হাবিবুর রহমান নামের এক ছাত্রকে মারধর করে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ক্ষুর দিয়ে ছাত্রলীগের ছয় কর্মীকে আঘাত করেন।