ক্ষেতলালে আসামি ধরতে গিয়ে পুলিশ আহত
অপহরণ মামলার আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর পিটুনির শিকার হয়েছেন পুলিশ ও মামলার বাদী। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মিনিগাড়ী গ্রামে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই উপজেলার ছোট বস্তা গ্রামের এক মাদ্রাসাছাত্রীকে নিয়ে পালিয়ে যান মিনিগাড়ী গ্রামের সোহেল রানা। এ বিষয়ে ২৪ আগস্ট ওই ছাত্রীর বাবা ক্ষেতলাল থানায় সোহেল রানাসহ চারজনকে আসামি করে একটি অপহরণ মামলা করেন।শনিবার রাতে পুলিশ বাদীকে সঙ্গে নিয়ে আসামি গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। পুলিশ ওই ছাত্রী ও সোহেলকে তাঁদের বাড়ি থেকে আটক করে থানায় নেওয়ার পথে ৫০ থেকে ৬০ জন গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালিয়ে সোহেল রানাকে ছিনিয়ে নেয় ও পুলিশকে মারধর করে। এতে পুলিশ কনস্টেবল আলতাফ হোসেন ও মামলার বাদী আহত হন। আলতাফ হোসেনকে ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও মামলার বাদীকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। ওই ছাত্রী এখন পুলিশ হেফাজতে রয়েছে।সোহেলের মা সোরেফা বিবি দাবি করে জানান, সোহেল রানা ভালোবেসে ওই ছাত্রীকে বিয়ে করেছেন। পুলিশ রাতে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকলে গ্রামবাসী সন্ত্রাসী ভেবে পুলিশের ওপর হামলা করে।ক্ষেতলাল থানার ওসি তরিকুল ইসলাম জানান, অপহরণ মামলা ছাড়াও পুলিশকে মারধরের অভিযোগে ২৫ থেকে ৩০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।