ক্ষেতলালে কাটা পড়ল ১৭০টি গাছ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার লালাগড়-মৈয়ুম সেরকোল রাস্তার ১৭০টি সরকারি গাছ কথিত একটি ক্লাবের সদস্যরা কেটে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।খবর পেয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযান চালান। এ সময় পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় এবং ৪৭৫টি গাছের টুকরো উদ্ধার করা হয়। এ ঘটনায় ক্ষেতলাল উপজেলা বনরক্ষী বাদী হয়ে থানায় মামলা করেছেন।মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বড়াইল ইউনিয়নের সীমান্ত এলাকায় লালাগড় থেকে মৈয়ুম সেরকোল গ্রাম পর্যন্ত এক কিলোমিটার রাস্তায় ২০০২-০৩ অর্থবছরে সরকারিভাবে বেশ কিছু ইউক্যালিপটাস গাছের চারা লাগানো হয়। এর মধ্যে প্রায় ১৭০টি গাছ বেঁচে ছিল। গাছগুলো স্থানীয় মৈয়ুম সেরকোল গ্রামের কথিত যুব ক্লাবের সদস্যরা তাঁদের নিজস্ব তহবিল থেকে রোপণ করা হয়েছে বলে দাবি করেন।যুব ক্লাবের সভাপতি ওবাইদুর রহমান দাবি করেন, তাঁরা গাছগুলো বিক্রি করতে চাইলে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও বড়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে বিষয়টি জানান। চেয়ারম্যান তাঁদের গাছ কাটার অনুমতি দেন। পাশাপাশি গাছ বিক্রির দাম থেকে অর্ধেক টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য তাঁর কাছে দেওয়ার নির্দেশ দেন।উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও বড়াইলের ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, ‘আমার জানামতে, গাছগুলো ক্লাবের সদস্যরা রোপণ করেছিল। তবে আমি গাছ কাটার অনুমতি কাউকে দিইনি। এ ব্যাপারে আমি কিছু জানি না।’উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‘গাছগুলো আমাদের বন বিভাগ থেকে রোপণ করা ছিল। সরকারি গাছ এভাবে কর্তন করা অন্যায়। গাছগুলো উদ্ধার করা হয়েছে।’