ক্ষেতলালে ঘুষের টাকাসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা সমবায় অফিসের অফিস সহকারীকে গতকাল বুধবার ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুদক।পুলিশ ও দুদক সূত্রে জানা গেছে, উপজেলার বাঘেরা কমলগাড়ী পশ্চিমপাড়া মত্স্যজীবী সমবায় সমিতির নিবন্ধনের জন্য উপজেলা সমবায় অফিসের অফিস সহকারী সিরাজুল ইসলাম সাড়ে তিন হাজার টাকা ঘুষ দাবি করেন। সমিতির সভাপতি সেলিম রেজা তাঁকে কয়েক দিন আগে দুই হাজার টাকা ঘুষ দেন। পরে সিরাজুল বাকি এক হাজার ৫০০ টাকা দেওয়ার জন্য সেলিম রেজাকে তাগিদ দিলে তিনি বিষয়টি রাজশাহী বিভাগীয় দুর্নীতি দমন কমিশনকে জানান। সেলিম রেজা ৫০০ টাকার তিনটি নোটের ফটোকপি রেখে ওই তিনটি নোট গতকাল দুপুরে উপজেলা সমবায় অফিসে গিয়ে সিরাজুলকে দেন। এর পরপরই দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক মেজর শফিকুল ইসলামের নেতৃত্বে দুদকের কর্মকর্তারা ৫০০ টাকার ওই তিনটি নোটসহ সিরাজুলকে হাতেনাতে আটক করে ক্ষেতলাল থানার পুলিশের কাছে সোপর্দ করেন।এ ব্যাপারে দুদক বাদী হয়ে ক্ষেতলাল থানায় সিরাজুল ইসলাম ও উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নবী নওয়াজেশ আলী খানের বিরুদ্ধে মামলা করেছেন।দুর্নীতি দমন কমিশন, রাজশাহীর বিভাগীয় পরিচালক মেজর শফিকুল ইসলাম জানান, এভাবে তথ্য দিয়ে সহযোগিতা করলে ঘুষ-দুর্নীতি নির্মূল করা সম্ভব।