ক্ষেতলালে চার দিনের শিক্ষা ও স্বাস্থ্য মেলা শুরু
‘মানুষ বড় হলে নিজের গ্রাম ও এলাকাবাসীর কথা ভুলে যায়। মৌলিক চাহিদা পূরণে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসা দরকার। এলাকার কৃতী সন্তান আবদুল খালেক ও তাঁর সহধর্মিণী হাজেরা শিরিন মানুষের পাশে দাঁড়ানোর যে মহতী উদ্যোগ নিয়েছেন, তাকে আমি স্বাগত জানাই। শিক্ষা ও স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে বর্তমান সরকার বদ্ধপরিকর।’জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিনাইয়ের হাসাননগরে গতকাল শুক্রবার সকালে শিক্ষা ও স্বাস্থ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন এ কথা বলেন। ডা. হাজেরা খালেক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চার দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।প্রথম দিনে উপজেলার প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৩৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। শিবপুর গ্রামের তিন দৃষ্টিপ্রতিবন্ধীকে স্বাবলম্বী হওয়ার জন্য ২৩ হাজার টাকার গাভী দেওয়া হয়। এর আগে প্রধান অতিথি ট্রাস্টের অর্থায়নে নির্মিত শহীদ নাজমুল হক হাসপাতালের উদ্বোধন করেন। হাজেরা শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, মহিলা সাংসদ মাহফুজা রহমান, জেলা প্রশাসক সৈয়দ মোঃ আবু হাসেম, আওয়ামী লীগের নেতা সোলায়মান আলী, ট্রাস্টের পরিচালক আবদুল খালেক ও তাঁর সন্তান খালিদ হাসান। এ মেলায় স্ত্রী ও গাইনী, শিশু, মেডিসিন, হূদরোগ, চক্ষু, নাক-কান-গলা ও মানসিক রোগের রোগীদের চিকিৎসা দেওয়া হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবা দেবেন।চিকিৎসাসেবা নিতে আসা মহব্বতপুর গ্রামের কৃষক মফিজুল ইসলাম ও পাঠনপাড়া গ্রামের শিক্ষক পলাশ চন্দ্র বলেন, এখানের হাসপাতালটি এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।