জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গতকাল বৃহস্পতিবার ৫০৩টি খাসপুকুর ইজারার জন্য দরপত্র জমা দেওয়ার সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। দরপত্র জমা দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় জয়পুরহাট সদর থেকে অতিরিক্ত পুলিশ ও র্যাব ক্ষেতলাল উপজেলা কমপ্লেক্স এলাকায় মোতায়েন করা হয়।উপজেলা প্রশাসন ও মৎস্যজীবীদের সূত্র জানায়, এক সপ্তাহ আগে ক্ষেতলাল উপজেলার ৫০৩টি খাসপুকুর ইজারার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ জন্য ৭০২টি শিডিউল বিক্রি হয়। গতকাল দুপুর একটা পর্যন্ত ছিল দরপত্র জমা দেওয়ার শেষ সময়। কিন্তু সকাল থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন এবং জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় ছাত্রসমাজের নেতা-কর্মীরা উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটক ও কমপ্লেক্সের ভেতরে দরপত্রের বাক্স রাখার স্থানে অবস্থান নেন। তাঁরা দরপত্র জমা দিতে আসা লোকজনকে বাধা দেন। দুপুর ১২টার পর ক্ষেতলাল ছাঈদ আলতাফুন্নেছা ডিগ্রি কলেজের প্রভাষক মো. মুকুল হোসেন, মাঝিয়াস্থুুল যুব সমবায় সমিতির সভাপতি নুরুল আমীনসহ কয়েকজন দরপত্র জমা দিতে এলে তাঁদের সবাইকে পুলিশের সামনেই লাঞ্ছিত করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ক্ষেতলাল সদর ইউপির সদস্য ও সদর ইউনিয়নের তালশন ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজার রহমান দরপত্র জমা দিতে এলে তাঁকেও লাঞ্ছিত করা হয়। তিনি দরপত্র জমা দিতে না পেরে চলে যান। দুপুর একটার কিছুক্ষণ আগে মোস্তাফিজার আত্মীয়স্বজন ও লোকজন নিয়ে আবার দরপত্র জমা দিতে এলে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আরমান আলী, রিকশা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি খলিলুর রহমান, উপজেলা জাতীয় ছাত্রসমাজের সদস্য সিহাব হোসেন তাঁদের বাধা দেন। এ সময় দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে উপজেলা কমপ্লেক্সের সামনের রাস্তায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই দফা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তালশন গ্রামের ইউপি সদস্য মোস্তাফিজার রহমান, নওটিকার ওয়ার্ড আওয়ামী লীগের নেতা রমনি কান্ত, জাতীয় পার্টির সিহাব হোসেনসহ আটজনকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। মৎস্যচাষি আজিজুল হক, আবদুল আলীম, মাসুদ রানা, আনোয়ার হোসেন ও রাজু হোসেন প্রথম আলোকে বলেন, ‘দরপত্র জমা দিতে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটকের বাইরে আমাদের আটকে দেয়। এ সময় তাঁরা বলেন, “ইজারার কাজটি আমরা মিলেমিশে নিয়েছি। আপনারা চলে যান”।’দরপত্র জমাদানে বাধা দেওয়ার ব্যাপারে যুবলীগের নেতা আরমান আলী, রিকশা-ভ্যান শ্রমিক লীগের নেতা খলিলুর রহমান, ছাত্রসমাজের নেতা সিহাব হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, ‘দরপত্র জমা দেওয়া শেষ হওয়ার এক ঘণ্টা পর সংঘর্ষ হয়। ওটা আসলে ব্যক্তিগত শত্রুতার জের ধরে ঘটেছে। পুকুর ইজারা দেওয়া নিয়ে নয়।’ ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমরা দরপত্রের বাক্সের কাছাকাছি ছিলাম। দরপত্র ফেলার জন্য অনেককেই ডেকেছি, কিন্তু অজানা কারণে তারা আসেনি। আর সংঘর্ষের ঘটনা উপজেলার সামনে নয়, বাইরের রাস্তায় হয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন মিঞা বলেন, ‘আমরা দরপত্র জমা দেওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করেছিলাম। তবু ৭০২টির মধ্যে ৪১টি দরপত্র জমা পড়েছে। যেসব পুকুরের বিপরীতে দরপত্র জমা পড়েছে, সেই পুকুরগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলে সর্বোচ্চ দরদাতাদের পুকুর ইজারা দেওয়া হবে।’