ক্ষেতলালে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ পাঁচজন আহত
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত সোমবার রাতে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত এক পক্ষ বাদী হয়ে ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে, অন্যপক্ষ মামলার প্রস্ততি নিচ্ছিল।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার দিন চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল আলমের পক্ষের সমর্থক ফেরদৌস তালুকদার কয়েকজন সঙ্গীসহ নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে দৌলতপুর গ্রামে যাচ্ছিলেন। পথে বর্তমান চেয়ারম্যান গাজিউল হক সাবলুর পক্ষের কিছু সমর্থক তাঁদের গতিরোধ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে ফেরদৌস ও তাঁর সঙ্গীদের ওপর হামলা চালানো হয়। এতে ফেরদৌস গুরুতর আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে শফিকুলের সমর্থকেরা ফুলদিঘী বাজার থেকে লাঠিসোঁটা নিয়ে তাঁদের ধাওয়া করেন। এ সময় দুই পক্ষের পাল্টাপাল্টি আক্রমণে সাবলুর পক্ষের রেজাউল ইসলাম, নজরুল ইসলাম, মিজানুর রহমান ও মিঠু মিয়া আহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত শফিকুলের পক্ষের ফেরদৌস বাদী হয়ে ২১ জনের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মামলা করেছেন। অন্যপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছিল।