ক্ষেতলালে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আমিড়া মণ্ডলপাড়া গ্রামের দুই শিশু গতকাল মঙ্গলবার পুকুরের পানিতে ডুবে মারা গেছে। দুই শিশু হলো উপজেলার আমিড়া মণ্ডলপাড়া গ্রামের মসজিদের ইমাম মো. ইউসুফ আলীর মেয়ে বুশরা (৩) ও একই গ্রামের মিলন হোসেনের মেয়ে মিনহা (২)।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, আমিড়া মণ্ডলপাড়া গ্রামের আবদুল লতিফ ওই পাড়ার মসজিদের পাশে ছোট একটি পুকুর খনন করেন। পুকুরের পাশে ওই দুই শিশু খেলতে গিয়ে গতকাল বিকেলে পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যায়।
ওই গ্রামের আবদুল হামিদ বলেন, গতকাল বেলা সাড়ে তিনটার আগের কোনো এক সময় ওই পুকুরপাড়ে খেলতে গিয়ে তারা পুকুরে পড়ে যেতে পারে। পরে শিশু দুটি ভেসে উঠলে সঙ্গে সঙ্গে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক বলেন, ওই দুই শিশুকে মৃত অবস্থায় আনা হয়েছিল।