ক্ষেতলালে নলকূপে চাঁদাবাজি ও হামলা বাড়ছে, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গভীর ও অগভীর নলকূপে চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার ঘটনা বাড়ছে। বোরো চাষের জন্য জমিতে সেচ দেওয়ার সময়ে এসব হামলার ঘটনা ঘটছে। গত ১৫ দিনে উপজেলার চারটি স্থানে হামলায় ১০ জন আহত হয়েছে। এতে কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসীরা রাতের বেলা সেচ কাজের জন্য ব্যবহূত গভীর ও অগভীর নলকূপের মালিকদের কাছে গিয়ে চাঁদা দাবি করছে। চাঁদা দিতে রাজি না হলে হামলা চালানো হচ্ছে। উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর, জিয়াপুর, দুর্গাপুর ও বানাইচ গ্রামে হামলার ঘটনা ঘটেছে। হামলায় নলকূপের চালক, কর্মচারীসহ ১০ জন আহত হয়। এসব ঘটনায় মামলাও হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ত্রাসীরা ২২ ফেব্রুয়ারি গভীর রাতে মহব্বতপুর গ্রামের রফিকুল ইসলাম ও আবুল কালাম আজাদের গভীর এবং আতিকুর রহমানের অগভীর নলকূপে হামলা চালায়। এতে নলকূপের চালক মো. ছোটন মিয়া, আবদুর রউফ, কর্মচারী চঞ্চল মিঞা, রুবি উড়াও, ছেদান উড়াওসহ ছয়জন আহত হন।এ ঘটনায় গত ২৭ ফেব্রুয়ারি সেচ মালিকদের পক্ষে আবুল কালাম আজাদ ক্ষেতলাল থানায় চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার অভিযোগে মামলা করেন। এতে মামুদপুর গ্রামের সোবহান, চান মিঞা, রফিকুল ইসলামসহ সাতজনকে আসামি করা হয়েছে। ক্ষেতলাল থানার পুলিশ দুই দিনেও আসামিদের ধরতে পারেনি। এ ঘটনার প্রতিবাদে ১ মার্চ সন্ধ্যায় স্থানীয় কয়েক হাজার কৃষক জিয়াপুর উচ্চবিদ্যালয় মাঠে সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার। সভায় উপস্থিত বক্তারা ওই এলাকার নলকূপগুলোতে চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।উপজেলার দৌলতপুর গ্রামের মাহবুবুর রহমান ও বানাইচ গ্রামের জালাল উদ্দিনের গভীর নলকূপে গত ২৫ ফেব্রুয়ারি রাতে হামলা চালানো হয়েছে। এতে চারজন আহত হয়। সন্ত্রাসীরা জালাল উদ্দিনের নলকূপের কর্মচারীদের কাছ থেকে ৫০০ টাকা ও মুঠোফোনের সেট নিয়ে যায়। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক আলী বলেন, মামলার আসামি ধরার জন্য আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।