ক্ষেতলালে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আমিড়া মণ্ডলপাড়া গ্রামের দুই শিশু খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় এ ঘটনা ঘটেছে।

নিহত দুই শিশু হলো বুশরা (৪) ও মিনহা (২)। বুশরার বাবার নাম মো. ইউসুফ আলী আর মিনহার বাবা মিলন হোসেন।
আমিড়া গ্রামবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আমিড়া গ্রামের বাসিন্দা আবদুল লতিফ একটি পুকুর খনন করেন। আজ মঙ্গলবার সকাল থেকে শ্যালো মেশিন লাগিয়ে সেই পুকুরে পানি পার করছিলেন। বিকেলে ওই পুকুরের পানিতে বুশরা ও মিনহাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাদের উঠিয়ে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসকেরা দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক প্রথম আলোকে বলেন, ‘দুই শিশুকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। দুই শিশু পুকুরের পানিতে পড়েছিল বলে তাদের অভিভাবকেরা আমাদের জানিয়েছেন। নিহত দুই শিশুর বাড়ি ক্ষেতলাল উপজেলার আমিড়া গ্রামে। দুই শিশুর লাশ তাদের অভিভাবকেরা বাড়িতে নিয়ে গেছেন।’

নিহত শিশুর নানা বায়জিদ হোসেন প্রথম আলোকে জানান, মঙ্গলবার দুপুরে খাওয়াদাওয়া শেষে একসঙ্গে বুশরা ও মিনহা খেলতে বাড়ির বাইরে যায়। বিকেলে বাড়ির অদূরে একটি পুকুরে তাদের ভাসমান অবস্থায় পাওয়া যায়।