ক্ষেতলালে মাদক ব্যবসায় নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুহাটের ক্ষেতলাল উপজেলার কয়েকটি স্থানে মাদক ব্যবসায় নারীরা জড়িয়ে পড়েছে। গত সাত মাসে পুলিশ চারজন নারীকে গ্রেপ্তার করেছে। ক্ষেতলাল থানা সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী আলমপুর ইউনিয়নের মধুপুকুর বাজার ও মামুদপুর ইউনিয়নের চৌমুহনী বাজার এবং ক্ষেতলাল পৌরসভার বটতলী বাজার মাদকের প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত। গত সাত মাসে পুলিশ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজন নারীকে গ্রেপ্তার করেছে। আরও দুই নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এর মধ্যে গত ১ ফেব্রুয়ারি উপজেলার শালবন মাদ্রাসা গেট-সংলগ্ন তালতলি থেকে শালবন গ্রামের রশিদা বেগমকে (৩৫) ফেনসিডিলসহ আটক করা হয়। তবে তাঁর তিন নারী সহযোগীকে গ্রেপ্তার করা যায়নি। এর আগে গত ১২ ডিসেম্বর তালতলি এলাকা থেকে ফেনসিডিলসহ দুই নারী ব্যবসায়ীকে আটক করা হয়। এঁরা হলেন—পাঁচবিবি উপজেলার মহিপুর গ্রামের রুলি খাতুন (২২) ও নাজনিন আরা (২৫)। বটতলী বাজার এলাকার ব্যবসায়ী আবদুল আলিম জানান, তাঁদের স্থায়ী ঠিকানা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় হলেও ক্ষেতলালের বটতলী বাজারে থেকেই তাঁরা মাদক ব্যবসা চালান।সর্বশেষ গত বৃহস্পতিবার বটতলী বাজার থেকে ১০ বোতল ফেনসিডিলসহ সাজেদা বেগমকে (২৭) গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি বগুড়ার ছোট কুমিরা গ্রামে। এদিকে উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে মাদকের ব্যবসা চলছে। মামুদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, এই বাজারে প্রচুর মাদক ব্যবসা ও সেবন চলছে। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির সহায়তায় এই ব্যবসা চলছে। উপজেলার মধুপুকুর বাজার এলাকার আলমপুর গ্রামের জাহাঙ্গীর আলম, মোজাহেদুল ইসলাম ও মোজাফ্ফর রহমান জানান, মধুপুকুর বাজার থেকে ক্ষেতলাল এবং দুপচাঁচিয়া থানা অনেক দূরে হওয়ায় মাদক ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এখানে দুই উপজেলার কিছু নারী এই ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের সঙ্গে সব সময় কিছু বখাটে যুবক থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক লোকজন জানায়, আলমপুর গ্রামের দুই নারী মাদক বিক্রি করেন। এঁদের নামে থানায় কয়েকটি মামলাও আছে। আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজিউল হক বলেন, মধুপুকুর বাজারের মাদক ব্যবসার ব্যাপারে আইনশৃঙ্খলা কমিটিতে একাধিক বার আলোচনা হয়েছে। কিন্তু এলাকাবাসী সচেতন না হলে এটা প্রতিরোধ করা সম্ভব নয়। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘আমরা মাদক ব্যবসা প্রতিরোধে সাধ্যানুযায়ী চেষ্টা করছি।’