ক্ষেতলালে লাঠিখেলার মেলা
গ্রামগঞ্জের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠিখেলা ধরে রেখেছেন জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের দেওগ্রামবাসী। শতাধিক বছর ধরে লাঠিখেলা উপলক্ষে এখানে মেলা বসে। লাঠিখেলা আর মেলাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন গ্রামবাসী।
প্রতিবছর হিন্দুসম্প্রদায়ের দুর্গাপূজার দশমীর তিন দিন পর দেওগ্রামের দরগাতলীতে লাঠিখেলা উপলক্ষে এক দিনের জন্য বিশাল মেলা বসে। মেলার আগের দিন সন্ধ্যারাত থেকে গভীর রাত পর্যন্ত এবং মেলার দিন সকালে স্থানীয় লাঠি খেলোয়াড়েরা গ্রামের পাড়ায় লাঠিখেলার কসরত দেখান। মেলার আগে পাড়ায় লাঠিখেলা হওয়ায় এ খেলা দেখার সুযোগ পান গ্রামের নারী-শিশুরাও।
গ্রামের আবদুর রহমান জানান, পাড়ায় পাড়ায় লাঠিখেলার উদ্দেশ্যই হলো যেন বাড়িতে থাকা মেয়েরা এ খেলা দেখতে পারেন। তিনি বলেন, এ ঐতিহ্য মেলার শুরু থেকে।
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মূল মেলা প্রাঙ্গণে চলে লাঠিয়ালদের লাঠিখেলা। ঢোল ও অন্যান্য বাদ্যের তালে তালে লাঠিয়ালেরা তাঁদের খেলার কসরত দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেন।
মেলা উপলক্ষে পণ্যের পসরা নিয়ে বসেন বিভিন্ন গ্রাম থেকে আসা ব্যবসায়ীরা। মেলায় পাওয়া যায় নানা রকম মিষ্টান্ন, বাচ্চাদের খেলনা, চুড়ি-ফিতা থেকে গৃহস্থালির টুকিটাকি জিনিসপত্র। কুমারেরা নিয়ে আসেন মাটির হাঁড়ি-পাতিল।
মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দেওগ্রাম পশ্চিমপাড়ার বাসিন্দা মশিউর রহমান জানান, এ লাঠিখেলার মেলাটি এক শ বছরের বেশি সময় ধরে চলে আসছে। গ্রামবাসীও লাঠিখেলাটি যেন গ্রাম থেকে হারিয়ে না যায়, তার জন্য তাঁদের চেষ্টা অব্যাহত রেখেছেন। মেলায় দেওগ্রামের লাঠি খেলোয়াড়সহ পাশের গ্রামগুলোর সাত-আটটি দল খেলায় অংশ নেয়।
দেওগ্রামের প্রবীণ লাঠি খেলোয়াড় সামছদ্দীন জানান, তিনি ১০-১২ বছর বয়স থেকে তাঁর বাবার হাত ধরে লাঠিখেলা শিখে অর্ধশত বছরের বেশি সময় ধরে মেলাসহ বিভিন্ন জায়গায় লাঠি খেলেন। তাঁর ছোট ভাই শহিদুলও লাঠি খেলেন।
মেলার লাঠিখেলায় দীর্ঘদিন থেকে ঢোল বাজান কাজল মালী (৫০) ও চন্দন মালী (৩৫)। চন্দন মালী জানান, বাদ্যবাজনা বাজানো তাঁদের পেশা। এ মেলার প্রধান আকর্ষণ লাঠিখেলা। ঢোলের বাজনা ছাড়া লাঠিয়ালেরা লাঠি খেলতে পারেন না। এ খেলার বাজনাও আলাদা। তাঁরা চার ভাই প্রতিবছর মেলায় লাঠিখেলার বাজনা বাজান।