ক্ষেতলালে সরকারি জায়গা দখল করে বাড়ি নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিনাই গ্রামে প্রবাসী সিরাজুল ইসলাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক একজন সদস্য ও শ্রমিক লীগের এক নেতার সহযোগিতায় সরকারি পুকুর ভরাট করে পাকা বাড়ি নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ ও গ্রামের কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, বিনাই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে সিরাজুল ইসলাম দীর্ঘদিন প্রবাসে থেকে চলতি বছরের আগস্টে গ্রামে আসেন। গত ৫ সেপ্টেম্বর তিনি বিনাই মৌজার ৯৪৬ নম্বর দাগে খাস খতিয়ানভুক্ত এক একর ১৯ শতাংশ জায়গার মধ্যে ৬ শতাংশে দোতলা ভবন নির্মাণের কাজ শুরু করেন। দ্বিতল ভবনের ভিত্তি দিয়ে এর একতলা পর্যন্ত কাজ শেষ করে ছাদের পরিবর্তে টিনের চাল দেওয়া হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর গ্রামবাসীর পক্ষে ওই গ্রামের আবদুর রহিম নামের এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগে বলেন, খাসপুকুরের ওই জায়গায় বাড়ি নির্মিত হলে গ্রামের লোকজনের চলাচলের রাস্তাটি সরু হয়ে যাবে। তা ছাড়া পুকুরটি সরকারের দখল থেকে বিভিন্ন ব্যক্তির দখলে চলে যাচ্ছে। ওই অভিযোগে ২০ জন গ্রামবাসী সই করেন।
অভিযোগে বলা হয়, সিরাজুল ইসলামকে ভবন নির্মাণে সহযোগিতা করছেন সাবেক ইউপি সদস্য ইউছুফ আলী ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা।
অবশ্য ইউছুফ আলী দাবি করেন, ওই ৬ শতাংশ জমি সিরাজুল ইসলাম ৯৯ বছরের জন্য ইজারা নিয়েছেন। তবে এই দাবির পক্ষে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ ব্যাপারে সোহেল রানার মুঠোফোনে কয়েকবার চেষ্টা করে তা বন্ধ পাওয়া গেছে।
সিরাজুল ইসলাম বলেন, ‘ওই পুকুরের বেশির ভাগ অংশ ভরাট করে অন্যরা বাড়িঘর বানিয়ে বসবাস করছেন। আর আমি মাত্র ৬ শতাংশ জমি নিয়েছি। তাতে কী এত বড় কিছু হয়েছে?’
সংশ্লিষ্ট বড়াইল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বেলাল হোসেন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে সিরাজুলের বাড়ি নির্মাণকাজ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ১০ নভেম্বরের ইউপি নির্বাচনের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইউএনও শাহানা আখতার বলেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুত এর সমাধান করা হবে।