ক্ষেতলালে সাংসদের গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলালে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গতকাল শনিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে জয়পুরহাট-২ আসনের সাংসদ গোলাম মোস্তফার গাড়িতে আগুন দেয় দলের অপর একটি পক্ষ।

এ ঘটনায় ক্ষেতলাল পৌরসভার কাউন্সিলর ও বিএনপির নেতা মাহবুব হোসেন, তৈবুর রহমানসহ পাঁচজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ক্ষেতলাল ছাঈদ আলতাফুন্নেছা ডিগ্রি কলেজে নিয়োগসংক্রান্ত কাজে জয়পুরহাট-২ আসনের (ক্ষেতলাল-কালাই-আক্কেলপুর) বিএনপিদলীয় সাংসদ গোলাম মোস্তফা ক্ষেতলালে আসেন। নিয়োগের কাজ সম্পন্ন করে দলীয় কার্যালয়ে সংগ্রাম কমিটি গঠন করা হচ্ছিল। এ সময় জাসাসের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি লায়ন সিরাজুল ইসলাম পক্ষের লোকজন দলীয় কার্যালয়ের সামনে অবস্থিত সাংসদের গাড়িতে আগুন ধরিয়ে দেন। ভাঙচুর করা হয় ১৫টি মোটরসাইকেল।

সিরাজুল ইসলাম পক্ষের নেতা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন বলেন, ত্যাগী নেতাদের বাদ রেখে সংগ্রাম কমিটি গঠন করা হচ্ছিল। ওই সময় তাঁদের কিছু কর্মীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ বিষয়ে সাংসদ গোলাম মোস্তফা বলেন, সিরাজুল ইসলাম পক্ষের কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি তাঁর গাড়িতে অগ্নিসংযোগ ও কয়েকজনকে মারধর করেছেন।