ক্ষেতলালে সালিসে সংঘর্ষ, নয়জনআহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আমুনিয়া গ্রামে সালিসে সংঘর্ষে নয়জন আহত হয়েছেন।

এলাকার কয়েকজন জানান, গত রোববার সন্ধ্যায় ওই গ্রামের মুনসুর আলীর ছেলে ফিরোজ হোসেনের (১৮) একটি গরু ঢুকে পাশের মোজামেঞ্চল হোসেনের বাড়ি নোংরা করে। এতে ক্ষুব্ধ হয়ে মোজাম্মেল গরুটিকে বেধড়ক পেটান। এ ঘটনায় ওই দিন রাত আটটার দিকে আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য খলিলুর রহমানের মধ্যস্থতায় মুনসুর আলীর বাড়ির আঙিনায় সালিস বসে। সালিস শুরুর কিছুক্ষণের মধ্যেই মোজামেঞ্চলের লোকজন ফিরোজ ও তাঁর পরিবারের লোকজনকে মারধর শুরু করে। এতে ফিরোজ, মুনসুর আলী, মেরিনা বেগম, জালাল উদ্দিন, বাবর আলী, মোস্তফা, মোশাররফ হোসেন, মোকছেদ আলী ও মঞ্জু হোসেন আহত হন। ফিরোজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

খলিলুর রহমান বলেন, ‘সালিসে বসার পর পর উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। অবস্থা বেগতিক দেখে আমি থানায় খবর দিই।’

মোজামেঞ্চল হোসেনের ছেলে রুবেল হোসেন বলেন, ‘গরু নিয়ে তুচ্ছ ঘটনার জের ধরে সালিসের একপর্যায়ে মারামারি হয়েছে। আমাদেরও তিনজন আহত হয়েছেন।’

তবে তিনি তাঁর পক্ষের আহত ব্যক্তিদের নাম প্রকাশে অপারগতা জানান।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আনোয়ার হোসেন বলেন, রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় মুনসুর হোসেন মামলার প্রস্তুতি নিচ্ছেন।