ক্ষেতলালে হিমাগারে আলু রেখে বিপদে কৃষক
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নওটিকায় একটি হিমাগারে আলু রেখে বিপদে পড়েছেন প্রায় এক হাজার কৃষক। অভিযোগ উঠেছে তাঁরা এখন হিমাগারে রাখা আলু পাচ্ছেন না, বিনিময়ে টাকাও পাচ্ছেন না।পাঁচবিবি উপজেলার শিরট্টি গ্রামের নুরুন্নবী বলেন, ‘আমার লাল পাকরি ২৬ বস্তা আলু ছিল। এক সপ্তাহ যাবৎ ঘুরে আলু পাচ্ছি না। উপরন্তু হিমাগারের ব্যবস্থাপক বলেন প্রতি বস্তা ৩০০ টাকা দরে আলুর দাম নিতে। না নিলে চলে যান, করার কিছু নাই।’ ওই কৃষক জানান, বাজারে লাল পাকরি এক বস্তা আলুর দাম এক হাজার ৬০০ টাকা।স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়ার ব্যবসায়ী সুজানুর রহমান ২০০৯ সালে ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা-পাঠানপাড়া সড়কের নওটিকা এলাকায় ১৪ বিঘা জায়গায় ‘সুবর্ণা কোল্ড স্টোরেজ’ নামের হিমাগার নির্মাণ শুরু করেন। চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে প্রথমবারের মতো এই হিমাগারে প্রায় এক হাজার কৃষকের ৭০ হাজার বস্তা আলু সংরক্ষণ করা হয়। কিন্তু ওই সময় হিমাগারের তিনটি তলার ছাদ ভেঙে যায়। তখন হিমাগার কর্তৃপক্ষ আলুগুলো অন্য হিমাগারে সযত্নে রাখা হয়েছে এবং নেওয়ার সময় হলে বুঝিয়ে দেওয়া হবে বলে জানায়। হিমাগারের ব্যবস্থাপক মমিনুল কাদের বলেন, ‘আমাদের কোটি কোটি টাকা লোকসান হয়েছে। তার পরও কৃষকদের বস্তাপ্রতি ৩০০ থেকে ৩৫০ টাকা করে দেওয়া হচ্ছে। কিছু আলুও ফেরত দেওয়া হয়েছে।’ হিমাগার মালিক সুজানুর রহমানের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।